ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দশ কোটি ডলারের অনিয়ম তদন্তে সংস্থাটি এ সংক্রান্ত সংসদীয় তদন্ত কমিটিকে সহযোগিতা করছে না বলে অভিযোগ উঠেছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি তাদের রোববারের বৈঠকে এ অভিযোগ করেছে।
এর আগে দশ সদস্যের এই স্থায়ী কমিটি ১৯৯০ সাল থেকে এ পর্যন্ত বিমানের আর্থিক অনিয়ম তদন্তে মইনুদ্দীন খান বাদলের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে।
বৈঠকে বলা হয়, বিমান কর্তৃপক্ষ সংসদীয় কমিটির দুই সদস্যকে বিদেশ ভ্রমণে সহায়তার ব্যাপারে অস্বীকৃতি জানানোয় কমিটি বিমানের অনিয়ম তদন্ত সম্পন্ন করতে পারেনি।
অবশ্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জিএম কাদের বৈঠকে বলেছেন, বিমানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সংসদীয় কমিটির তদন্তের জন্য প্রয়োজনীয় সব দলিলপত্র সরবরাহ করবে।
তবে তিনি এও জানান যে, তদন্তের প্রয়োজনে কমিটির সদস্যদের লন্ডন, রোম ও দুবাই সফরের ব্যয়ভার বহনে বিমান কর্তৃপক্ষ অক্ষম।
সংসদ ভবনে বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য মইনুদ্দীন খান বাদল সাংবাদিকদের বলেন, "বিমানের ক্রয় এবং রক্ষণাবেক্ষণ কাজে আমরা অনিয়ম চিহ্নিত করেছি। এতে প্রায় সাতশ' কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে।"
কিন্তু বিমান কর্তৃপক্ষ এ ব্যাপারে তদন্ত কাজে সহায়তা করতে অনাগ্রহী বলে তিনি জানান।
"এসব অনিয়ম উদঘাটিত হোক তা তারা চায় না," বলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের এই সংসদ সদস্য।
বাদল আরো জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আর্থিক অনিয়ম তদন্তে তার এবং হুইপ মুজিবুল হকের বিমানের রোম, লন্ডন ও দুবাই অফিসে যাওয়ার কথা। কিন্তু বিমান কর্তৃপক্ষ এ সফরের ব্যয়ভার বহনে টালবাহানা করছে।
তবে বৈঠক শেষে জিএম কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈঠকে বিমান কর্তৃপক্ষ তদন্তের জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র সরবরাহের আশ্বাস দিয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/ডিডি/এইচএ/২৩৪৭ ঘ.
bdnews24