বাগেরহাট, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের শরণখোলায় একটি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও বিদ্যালয় উদ্বোধন করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
রোববার দুপুরে শরণখেলার ধানসাগর ইউনিয়নের রাধা-লক্ষ্মী নিু মাধ্যমিক বিদ্যালয় ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন ও হস্তান্তর করেন তিনি।
এ উপলক্ষে আয়োজিত এক সভায় মরিয়ার্টি বলেন, সামাজিক ও অর্থনৈতিক কারণে প্রাকৃতিক দুর্যোগ সব সময়েই বাংলাদেশের জন্য হুমকি হয়ে থাকবে। তাই এমন একটি সমাজ গড়ে তুলতে হবে যাতে প্রত্যেক জনগোষ্ঠী এ সব দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারে।
যুক্তরাষ্ট্রের 'সৌহার্দ্য' প্রকল্পের আওতায় মার্কিন দাতা সংস্থা ইউএসএআইডের অর্থায়নে এক কোটি ৬০ লাখ ৮১ হাজার ৭৩২ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ও বেসরকারি সংস্থা কেয়ার যৌথভাবে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রটি তৈরি করেছে।
আশ্রয়কেন্দ্রটির ধারণ ক্ষমতা ১০৯০ জন।
সভায় মরিয়ার্টি বলেন, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশে ৫৩৭টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ ও সংস্কার করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ও স্থানীয় জনগোষ্ঠীর অংশীদারিত্বে আরো ৩০ আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।
বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক গোকুল কৃষ্ণ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের সংসদ সদস্য মোজাম্মেল হোসেন।
এতে বিশেষ অতিথি ছিলেন- ইউএসএআইডির বাংলাদেশ মিশন পরিচালক ডেনিস রলিন্স, কেয়ারের আবাসিক প্রতিনিধি নিক সাউদার্ন ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- 'সৌহার্দ্য' প্রকল্প পরিচালক মো. এনামূল কবির আহম্মেদ ও শরণখোলা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৬ ঘ.
bdnews24