ব্রাহ্মণবাড়িয়া, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় রোববার বজ্রপাতে দু'জনের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জে নিহত হয়েছেন একজন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ওসি দুলাল মাহমুদ জানান, দুপুরে ক্ষেতে কাজ করার সময় চান্দুরার কালীসীমা গ্রামের আলী নেওয়াজ (৪৫) বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান।
এছাড়া দুপুরে চম্পকনগরের গেরাগাঁও গ্রামে বজ্রপাতে মারা যান অজ্ঞাত পরিচয় এক গরু ব্যবসায়ী। আহত হন আরো একজন।
আহত গরু ব্যবসায়ী মঞ্জু মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বজ্রপাতে তাদের দুইটি গরুরও মৃত্যু হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
এদিকে গোপালগঞ্জ প্রতিনিধি জানান, বিকলে কাশিয়ানী উপজেলার গুঘলিয়া বিলে ধান কাটার সময় বজ্রপাতে আকতারুল হক (২৬) নামের একজন মারা যান।
এ সময় আরেক ধানকাটা শ্রমিক বাক্কার গাজী (২৭) আহত হন। তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫০ ঘ.
bdnews24