২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন-শৃঙ্খলার অবনতিতে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অপরাধ বেড়ে যাওয়ায় খোদ স্বরাষ্ট্রমন্ত্রীই আতঙ্কিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2010, 08:22 PM

Updated : 24 Aug 2022, 09:25 PM

ঢাকা মে ১৩ (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অপরাধ বেড়ে যাওয়ায় খোদ স্বরাষ্ট্রমন্ত্রীই আতঙ্কিত। তিনি বলেন, "ইভ-টিজিং, চাঁদাবাজি, ছিনতাই, ছাত্রলীগের টেন্ডারবাজি-মারামারি, পুলিশ ও সাংবাদিক হত্যা যেভাবে বাড়ছে তাতে আমি আতঙ্কিত। সম্প্রতি কয়েক মাসের অপরাধ কর্মকান্ডে সরকারের গত এক বছরের সুনাম ক্ষুন্ন হচ্ছে।" বৃহস্পতিবার রাতে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অপরাধ ও আইনশঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ কথা বলেন। তিনি সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ সম্পর্কে সাহারা বলেন, ছাত্রলীগের দুই পক্ষ মারামারি করলে কোন পক্ষকেই পুলিশ আটক করে না। এ ধরনের ঘটনা ঘটলে দুই পক্ষের জড়িত সবাইকে আটক করতে হবে। তিনি বলেন, ছিনতাই-রাহাজানি যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। এসব অপরাধ দমনে পুলিশ কর্মকর্তাদের আরো কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি। জমি-জমা বেদখল ঠেকাতে পুলিশকে আরো তৎপর হওয়ার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, প্রায়ই অভিযোগ পাওয়া যাচ্ছে কারো জমি বেদখল হয়ে গেলে সে ব্যাপারে পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করে না। রাতে অভিযোগ দিতে গেলে থানার টেলিফোন কেউ ধরে না। জনগণের কাছ থেকে এসব অভিযোগ যেন না আসে সে ব্যাপারে রাজধানীর ওসিদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, ছাত্র সংগঠনের চাঁদাবাজি-টেন্ডারবাজি পরিস্থিতি অসহনীয় করে তুলছে। পুলিশ আন্তরিকভাবে কাজ করলে তা থেকে জনগণ সহজেই মুক্তি পেতে পারে। ভূমি দখল প্রতিরোধে ব্যর্থতার জন্য পুলিশ কর্মকর্তাদের সমালোচনা করে তিনি বলেন, অনেক সময় এসব ব্যাপারে সামাধান করতে গিয়ে পুলিশ আরো সমস্যা তৈরী করে। দখলদারদের বিরুদ্ধে আরো কঠোর হতে হবে। কোন স্বজনপ্রীতি বা কারো পরিচয়ে দখলকারীদের সুযোগ দেওয়া যাবে না। বৈঠকে আইজিপি নুর মোহাম্মদ ও ডিএমপি কমিশনার, র‌্যাবের ডিজি, ঢাকার আশপাশের কয়েকটি জেলার পুলিশ সুপারসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একাধিক পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশের জনবল সংকট ও পরিবহন সংকট মারাত্মক আকার ধারন করেছে। শিল্পাঞ্চল এলাকায় শিল্পাঞ্চল পুলিশ নেই। ঢাকাসহ এর আশপাশের গার্মেন্টসগুলোতে প্র্য়াই নানা সমস্যা লেগে থাকে। তা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য নেই। এ ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, নাই নাই করলে চলবে না। যা আছে তা নিয়েই কাজ করতে হবে। গত দেড় বছর ধরে পুলিশ উপপরিদর্শক নিয়োগের চেষ্টা করা হচ্ছে কিন্তু নানা জটিলতায় তা পিছিয়ে যাচ্ছে। রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ বৈঠক চলে। বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/০২১৯ঘ.