ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বল্প ও দীর্ঘ মেয়াদে দণ্ডপ্রাপ্তরা বিশেষ বিবেচনায় কারাগার থেকে মুক্তি পেলেও তারা নজরদারিতে থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক।
বৃহস্পতিবার পুলিশের মাসিক অপরাধ সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রাজারবাগ পুলিশ টেলিকম অডিটোরিয়ামে এই অপরাধ সভা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগীরর বিভিন্ন থানার ওসিসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৮ মে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর উদ্বোধন করার সময় স্বল্প ও দীর্ঘ মেয়াদে সাজাপ্রাপ্ত এক হাজার কারাবন্দিকে মানবিক বিবেচনায় মুক্তির নির্দেশ দেন।
কারামুক্তির পর এদের ব্যাপারে কী করা হবে জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, যারা ছাড়া পাবে তাদের একটি তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চাওয়া হয়েছে। পরবর্তীতে এই তালিকা রাজধানীর প্রতিটি থানায় পাঠিয়ে দেওয়া হবে। এবং এদের প্রত্যেকেই নজরদারির মধ্যে থাকবে। এদের কেউ অপরাধ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
যারা সাজা খেটে বের হয় বা বিশেষ বিবেচনায় মুক্তি পায় তাদের তুলনায় যেসব সন্ত্রাসী জামিনে বের হয় তাদের দ্বারাই অপরাধ সংঘটনের আশংকা বেশী বলে মনে করেন কমিশনার।
ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, শেখ হাসিনার ওই নির্দেশের পর ইতিমধ্যে একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যে সব বন্দি পঙ্গু, অসুস্থতার কারণে কোনো কাজ করতে অক্ষম, অন্ধ এবং যে সব বন্দির সাজা ২০ বছর হয়ে গেছে তালিকায় মূলত তাদের নাম অন্তর্ভূুক্ত করা হয়েছে।
বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ৩০ বছর।
অপর এক প্রশ্নের জবাবে শহীদুল হক জানান, পুলিশ কর্মকর্তা গৌতম হত্যার কারণ এবং ওই হত্যাকাণ্ডে কারা জড়িত এ বিষয়টি এখন পরিস্কার। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারও করা হয়েছে। তবে যে অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে তা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
পুলিশ কমিশনার রাজধানীর মার্চ এবং এপ্রিল মাসের অপরাধ প্রতিবেদন উপস্থাপন করেন।
এই প্রতিবেদন থেকে জানা যায়, মার্চে ৫ টি ডাকাতির ঘটনা ঘটে। এপ্রিলে ৩টি হয়েছে। ডাকাতি কমলেও খুনের ঘটনা ঘটেছে বেশী। মার্চে ২৩টি খুনের ঘটনা ঘটে, এপ্রিলে হয়েছে ২৫টি।
ধর্ষণের ঘটনাও ঘটেছে বেশী। মার্চে ২০টি, এপ্রিলে হয়েছে ২৫টি। বিভিন্ন ঘটনায় পুলিশ আক্রান্তও হয়েছে তুলনামূলকভাবে বেশী। মার্চের চেয়ে এপ্রিলে ২টি বেড়ে ৮জন আক্রান্ত হয়েছে।
প্রতিবেদনে দেখা যায়, মার্চের চেয়ে এপ্রিল মাসে ১৯টি মামলা বেশী হয়েছে। তাছাড়া এপ্রিল মাসে পুলিশ ৭ জন তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার করে। অস্ত্রধারী গ্রেপ্তার হয়েছে ৬০জন। খুনের মামলার আসামী গ্রেপ্তার হয় ২০জন। এই সময়ে পুলিশ কোনো ভূমিদস্যু, মলম বা অজ্ঞান পার্টির কোনো সদস্যকে গ্রেপ্তার করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/০১১৪ ঘ.
bdnews24