২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বিআরটিসির ১০০ বাস চলাচল শুরু বুধবার

রাজধানীর বিভিন্ন রুটে বিআরটিসি'র একশ বাস চলাচল কার্যক্রম মঙ্গলবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2010, 02:09 PM

Updated : 24 Aug 2022, 09:21 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিভিন্ন রুটে বিআরটিসি'র একশ বাস চলাচল কার্যক্রম মঙ্গলবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘনীভূত প্রাকৃতিক গ্যাসে (সিএনজি) চালিত বাসগুলো বুধবার থেকে রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করবে। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) বাসগুলো চীন থেকে কিনেছে। উদ্বোধনে প্রধানমন্ত্রী বলেন, "যানজট দূর করতে সরকার রাজপথে বড় বাস চালুরও উদ্যোগ নিয়েছে। এ পরিকল্পনার আওতায় বিআরটিসি বহরে পর্যায়ক্রমে আরো ছয়শ বাস যুক্ত করার পরিকল্পনা রয়েছে।" অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঢাকা, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইডেন গার্লস কলেজের অধ্যক্ষের হাতে আটটি বাসের চাবি তুলে দেন। ছাত্র-ছাত্রীদের সহজ ও নিরাপদ পরিবহনে রাজধানীর প্রত্যেক কলেজকে কমপক্ষে দু'টি করে বাস দেওয়া হবে বলেও এসময় জানান প্রধানমন্ত্রী। একইসঙ্গে ছাত্র-ছাত্রীদের চলাচলের সুবিধায় স্কুল-কলেজের সময়ের সঙ্গে মিল রেখে বাসের সময়সূচি নির্ধারণে বিআরটিসিকে নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী জানান, লোকসানি প্রতিষ্ঠান হিসেবে বিআরটিসিকে বন্ধ করে দেওয়ার বিভিন্ন সুপারিশ সত্ত্বেও বাসযাত্রীদের সুবিধার জন্য সরকার সংস্থাটিকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। যানজট নিরসনে সরকার নগরীর চারিদিকে উড়ালপথ, পাতালপথ, উড়ালসেতু ও বৃত্তাকার পথ নির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান প্রধনমন্ত্রী। তিনি বলেন, "রাজধানীর ওপর চাপ কমাতে ও দূষণমুক্ত ঢাকা নিশ্চিত করতে প্রশাসন বিকেন্দ্রীকরণেরও পদক্ষেপ নেয়া হয়েছে।" প্রধানমন্ত্রী মহানগরীর যানজট কমাতে নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার আহবান জানান। সড়ক ও রেলওয়ে বিভাগের সচিব মো. মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠঅনে আরো বক্তব্য দেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও বিআরটিসি'র চেয়ারম্যান এম এম ইকবাল। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা এবং সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০০৪ ঘ.