গাজীপুর, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় একটি জুতার কারখানায় রোববার গভীর রাতে আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
আগুন নেভাতে গিয়ে কারখানার সুপারভাইজার মো. হানিফ (২৯) ও গাজীপুর দমকল স্টেশনের কর্মী মোস্তাফিজুর রহমান (২৯) আহত হয়েছেন।
দমকল কর্মকর্তারা জানান, রাত ১১টা থেকে ৪টা পর্যন্ত স্থায়ী এ অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানটির অন্তত দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।
তবে ক্ষতিগ্রস্ত এপেক্স ফুটওয়্যার (ইউনিট-২) কারখানার মহাব্যবস্থাপক সৈয়দ মো. মুস্তাক প্রায় ২০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন দমকলের উপ-সহকারী পরিচালক রফিকুল ইসলাম।
তিনি বলেন, কারখানার তিনতলা ভবনের দোতলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। সাভার ইপিজেড ও গাজীপুর দমকলের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সাড়ে তিনঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কালিয়কৈর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে বলে জানান ওসি মো. আনোয়ার হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২১৪ ঘ.
bdnews24