ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবজজ পরিচয়ে হত্যা মামলার তদবির করতে এসে গ্রেপ্তার ফায়জুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের পুলিশ হেফাজতের আদেশ দিয়েছে আদালত।
সোমবার বিকালে ঢাকার মহানগর হাকিম মো. ইসমাইল হোসেন এ হেফাজতের আদেশ দেন।
রোববার দুপুর দেড়টায় ফায়জুরকে প্রধান বিচারপতির ব্যক্তিগত কার্যালয় থেকে গ্রেপ্তার করে সোমবার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক মুহাম্মদ শাহজাহান তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের হেফাজত চান। এসময় ফায়জুরের পক্ষে জামিন চাওয়া হলে তা নাকচ করেন বিচারক।
মামলায় বলা হয়, গত ৫ মে দিনাজপুরের সাবজজ পরিচয় দিয়ে ফায়জুর একটি হত্যা মামলায় তদবিরের জন্য বিচারপতি এএনএম বসিরউল্লাহর চেম্বারে যেতে চান। ফায়জুর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ রিডার মো. মোশারফ হোসেনকে জানান তিনি ওই বিচারপতির অধীনে কাজ করেছেন। মোশারফ ফায়জুরকে অ্যাডভোকেট বাসেত মজুমদারের সাহায্য নিতে বলেন। এসময় ফায়জুরের কথাবার্তায় মোশারফের সন্দেহ হয়। পরে রোববার আবারো ফায়জুর মোশারফের কাছে যান।
আপিল বিভাগের কোর্ট অফিসার রামচন্দ্র বনিক বাদি হয়ে ফায়জুরের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন।
হেফাজতের আবেদনে বলা হয়, ফায়জুরের সঙ্গে আর কে কে ওই অপরাধে জড়িত তা জানার জন্য তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২০২৫ ঘ.
bdnews24