ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাসায়নিক দ্রব্য ব্যবহার করে ফল পাকানো বন্ধে আড়তগুলিতে পরীক্ষা চালানো ও দোষীদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে আদালত।
একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়।
পাশাপাশি আদালত প্রত্যেক মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করতে সরকারের বাণিজ্য, খাদ্য ও স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছে।
ফলে রাসায়নিক দ্রব্য ব্যবহার বন্ধে সুপারিশ প্রণয়ন করে ওই কমিটিকে ১৫ দিনের মধ্যে হাইকোর্টে একটি প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেয় আদালত।
জনসাধারণের স্বাস্থ্য রক্ষায় রাসায়নিক দ্রব্য ব্যবহার রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে তিন সপ্তাহ সময় দিয়ে সরকারের প্রতি রুল নিশিও জারি করে হাইকোর্ট।
মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে রিট আবেদনটি করে।
আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ।
তিনি শুনানিতে বলেন, কতিপয় অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার জন্য আমসহ বিভিন্ন ফল পাকাতে কার্বাইডসহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করে। এই ফল খাওয়ার ফলে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে।
আদালত দেশের সব আমদানি পয়েন্ট দিয়ে রাসায়ানিক মেশানো ফল আমদানি বন্ধ করতে এনবিআর চেয়ারম্যানকেও নির্দেশ দেয়।
এছাড়া আমে রাসায়নি দ্রব্য মেশানো বন্ধ করতে বাণিজ্যিক আম বাগানগুলোতে পুলিশ মোতায়েন করতে রাজশাহীর ডিআইজিকে নির্দেশ দেওয়া হয়েছে।
রাসায়নিক মেশানো রোধে ঢাকার ফলের আড়তগুলোতে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য বিএসটিআই ও র্যাবের ডিজিকে নির্দেশ দেওয়া হয়। প্রতিদিন ফল পরীক্ষার ব্যবস্থা নিতেও বলা হয় নির্দেশে।
সব ক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের নির্দেশ দেয় আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেবি/কেএমএস/১৭২০ ঘ.
bdnews24