২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বিএনপির সংঘর্ষ: আরো ৮ জন গ্রেপ্তার

সিলেটে বিএনপির দুই গ্র"পের সংঘর্ষে জড়িত অভিযোগে আরো আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় ২২ জনকে গ্রেপ্তার করা হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2010, 03:12 PM

Updated : 24 Aug 2022, 09:17 PM

সিলেট, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটে বিএনপির দুই গ্র"পের সংঘর্ষে জড়িত অভিযোগে আরো আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় ২২ জনকে গ্রেপ্তার করা হলো। তবে এখন পর্যন্ত অস্ত্রধারী কাউকে গ্রেপ্তার করা যায়নি। শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত র‌্যাব ও পুলিশ নগরীরর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা সবাই সংঘর্ষে জড়িত ছিল এবং বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেছে র‌্যাব-পুলিশ। বৃহস্পতিবার সংঘর্ষের সময় গ্রেপ্তার ২০ জনের মধ্যে ছয়জনকে ছেড়ে দেওয়া হয়। বাকিদের পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় কারাগারে পাঠানো হয়। মহানগর পুলিশের কমিশনার আফতাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযানে আমরা খুব একটা সফল নই। আগ্নেয়াস্ত্রধারী ক্যাডারদের এখনো গ্রেপ্তার সম্ভব হয়নি। তবে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।" শনিবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কোতয়ালি পুলিশের হাতে গ্রেপ্তারকৃতরা হলেন- আরিফ আহমদ (২২), নজরুল ইসলাম রাজু (২৪), নিয়াজ আহমদ (২২), দিনার আহমদ (২২) ও জুয়েল মিয়া (২৮)। এদেরকে বৃহস্পতিবার পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আনিস রহমান জানান, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ছবি দেখে আরিফ, রাজু ও দিনারকে সনাক্ত করা হয়েছে। এরা ছাত্রদলের সঙ্গে জড়িত। মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আতাউর রহমান জানান, গ্রেপ্তারকৃত নিয়াজ ও জুয়েলকেও ছবি দেখে সনাক্ত করা হয়। রোববার দুপুরে র‌্যাবের হাতে আটককৃতরা হলেন- মুরাদ হোসেন (২৬), ছালেক আহমদ (৩৫) ও হাসনাত আহমদ (৩০)। এদেরকেও পুলিশের ওপর হামলায় মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। র‌্যাবের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা নগরীর জিন্দাবাজার ও কোর্ট পয়েন্ট এলাকায় বিএনপির দুই গ্র"পের সংঘর্ষে জড়িত ছিলেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজ দেখে তাদের সনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সিলেটে বিএনপির ইলিয়াস আলী সমর্থক ও প্রয়াত সাইফুর রহমান অনুসারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। ওই সময় বিএনপির অস্ত্রধারীরা গুলিও করে। ওইদিন নগরীর তালতলা এলাকায় প্রতিপক্ষের হামলায় মারা যান সাজু আহমেদ নামের এক ব্যক্তি। ইলিয়াস সমর্থকরা তাকে ছাত্রদলের কর্মী বলে দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০০ ঘ.