২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট বিভাগে পরিবহন ধর্মঘট ৭২ ঘন্টা স্থগিত

দাবি পূরণের জন্য প্রশাসনকে ৭২ ঘণ্টা সময় দিয়ে ধর্মঘট স্থগিত করেছে সিলেট বিভাগের পরিবহন মালিক-শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2010, 09:55 AM

Updated : 24 Aug 2022, 09:18 PM

মৌলভীবাজার, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবি পূরণের জন্য প্রশাসনকে ৭২ ঘণ্টা সময় দিয়ে ধর্মঘট স্থগিত করেছে সিলেট বিভাগের পরিবহন মালিক-শ্রমিকরা। রোববার সকাল থেকে এ ধর্মঘট ৭২ ঘন্টার জন্য স্থগিত করা হয়। পরিবহন মালিক-শ্রমিক নেতারা বলেছেন, এ সময়ের মধ্যে দাবি মানা না হলে তারা পুনরায় ধর্মঘটে যাবেন। পাঁচ দফা দাবি আদায়ে সিলেট বিভাগে গত বৃহস্পতিবার থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। তবে মৌলভীবাজার ও হবিগঞ্জ ছাড়া অন্য তিনটি জেলায় বেশিরভাগ রুটেই যানবাহন চলাচল করে। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির কেন্দ্রিয় সাধারণ সম্পাদক সৈয়দ মফচ্ছিল আলী রোববার সাংবাদিকদের বলেন, "মানুষের দূর্ভোগের কথা বিবেচনা করে ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে তারা আবার ধর্মঘটে যাবেন।" মৌলভীবাজারের ৩১ জন পরিবহন নেতা-কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা প্রত্যাহার, মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার, পরিবহন নেতাকর্মীদের পক্ষ থেকে দায়ের করা মামলার আসামীদের গ্রেফতার, শেরপুরে শ্রমিক ইউনিয়নের অফিস পুনঃস্থাপন ও জমির ইজারা বাতিল করে আন্তঃজেলা ট্রাক টার্মিনাল স্থাপনের দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। মৌলভীবাজার মডেল থানার ওসি অমূল্য কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শেরপুর গোল চত্বরের কাছে পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়নের দুটি কাউন্টার ছিলো। সম্প্রতি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ওই জায়গা গিয়াসউদ্দিন নামের এক ব্যক্তিকে ইজারা দেয়। পরিবহন মালিক-শ্রমিকরা সেখানে জায়গা চাইলে ইজারাদার তা না দেওয়ায় এই বিরোধের সূত্রপাত ঘটে। তিনি বলেন, ওই ঘটনার সূত্র ধরে ইজারাদার ও পরিবহন মালিক-শ্রমিকদের সংঘাত ও পাল্টাপাল্টি মামলা হয়। মফচ্ছিল আলী দাবি করেন, শেরপুরে তাদের ওপর হামলার ঘটনায় পুলিশ মামলা নিতে গড়িমসি করেছে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " ওসি প্রথমে মামলা নেননি। এজাহারের অভিযোগও বদলে দিতে বলেন। সময় নষ্ট করে পরদিন তিনি মামলা নথিভুক্ত করেন।" ওসি বলেছেন, অভিযোগ পেয়ে প্রাথমিক তদন্তের পরই মামলা নথিভুক্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৫৪৫ ঘ.