২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রোল পাম্পে ধর্মঘট চলছে

ধর্মঘটের কারণে সারাদেশে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি বন্ধ রয়েছে। ট্যাংক লরিগুলোও তেল সরবরাহ করছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2010, 05:34 AM

Updated : 24 Aug 2022, 09:19 PM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মঘটের কারণে সারাদেশে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি বন্ধ রয়েছে। ট্যাংক লরিগুলোও তেল সরবরাহ করছে না। তেল বিক্রির কমিশন বাড়ানোসহ ১৩ দফা দাবিতে পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ রোববার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। তবে সিএনজি স্টেশনগুলো এ ধর্মঘটের আওতামুক্ত। মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়নের কোনো পদক্ষেপ না দেখে তারা কর্মসূচি আহ্বান করেছেন। তবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর সঙ্গে রোববার তাদের বৈঠক হতে পারে বলে জানিয়েছেন নাজমুল। তবে কখন এ বৈঠক হবে তা জানাতে পারেননি তিনি। একই দাবিতে দুই মাস আগে প্রতীকী ধর্মঘট করে পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিকরা। ১৩ দফা দাবির মধ্যে রয়েছে- তেল বিক্রির কমিশন ২ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করা, পেট্রোল পাম্প স্থাপনে নীতিমালা প্রণয়ন, প্রত্যেক ডিপোতে টেস্টিং ল্যাবরেটরি স্থাপন, ৫ লাখ টাকার দুর্ঘটনা বীমা চালু, ডিপো সংলগ্ন স্থানে লরি টার্মিনাল-বিশ্রামাগার নির্মাণ, ট্যাংক লরির ভাড়া বৃদ্ধি এবং লরির কাগজপত্র পরীক্ষার নামে পুলিশি 'হয়রানি' বন্ধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১১৩০ ঘ.