ঢাকা মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে গণতন্ত্রকে সুসংহত করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
শনিবার হোটেল শেরাটনে ইউরোপ ডে ২০১০ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে ইইউ রাষ্ট্রদূত স্টেফান ফ্রোয়েন বলেন, "সরকারের বিভিন্ন কার্যক্রমে দুদক স্বাধীনভাবে কাজ করতে পারছে না। গণতন্ত্রের স্বার্থে দুদককে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত।"
দুদককে আর্থিকভাবে শক্তিশালী ও রাজনৈতিক প্রভাবমুক্ত করার সুপারিশ করেন তিনি।
নবম সংসদ সম্পর্কে তিনি বলেন, বিগত সংসদের চেয়ে এ সংসদ ভাল করছে। সংসদীয় কমিটি ভাল কাজ করছে। তবে সংসদকে আরো কার্যকর করা উচিৎ।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরাসরি অর্থ সাহায্যের ব্যাপারে ফ্রোয়েন বলেন, এ ধরনের ফান্ড বিশ্বব্যাংকের মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের ফিনানসিয়াল ম্যানেজমেন্ট ক্যাপাসিটি না থাকায় বিশ্বব্যাংকের মাধ্যমে এ তহবিল দেওয়া হচ্ছে।
ব্রিটেনে পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী জয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানান ইইউ রাষ্ট্রদূত।
পাবর্ত্য চট্টগ্রাম পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ইইউ শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন চায়।
৯ মে ইউরোপ ডে উদযাপন উপলক্ষে ইইউ বাংলাদেশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তরুণ ফ্যাশন ডিজাইনারদের ফ্যাশন শো, আলোকচিত্র প্রদর্শনী, তরুণ শেফদের রান্না প্রতিযোগিতার আয়োজন করেছে বলে জানান ফ্রোয়েন।
সংবাদ সম্মেলনে ডেনমার্ক, ফ্রান্স, জামার্নি, ইটালি, নেদারল্যান্ডস, স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূত উপস্তিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/ডিডি/এইচএ/০১৫৭ ঘ.
bdnews24