রাজশাহী, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর মহাসমাবেশে খালেদা জিয়ার বক্তব্য নিয়ে স্থানীয় মহাজোটের বক্তব্যকে মিথ্যাচার বলে দাবি করেছেন বিএনপি নেতারা।
শুক্রবার স্থানীয় মহাজোট নেতারা একটি সংবাদ সম্মেলন করেন। এতে তারা দেশের উন্নয়ন এবং বিদ্যুৎ খাত নিয়ে দেওয়া খালেদা জিয়ার বক্তব্যকে মিথ্যাচার বলে দাবি করেন।
এজন্য তারা রাজশাহীবাসীর কাছে খালেদা জিয়াকে ক্ষমা চাওয়ারও আহবান জানান।
শনিবার মহানগর বিএনপি কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, খালেদা জিয়ার বক্তব্য সর্বমহলে প্রসংশিত হয়েছে। তাতে দেশবাসীর আশা আকাঙ্খার প্রতিফলন ঘটেছে।
এ সময় তারা মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতিরও অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে খালেদার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য মেয়র লিটন এবং সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশার ক্ষমা চাওয়াও উচিত বলে দাবি করেন বিএনপি নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর বিএনপি সভাপতি মিজানুর রহমান মিনু।
উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহুরুল ইসলাম, মহানগর সম্পাদক শফিকুল হক মিলন, কেন্দ্রীয় সদস্য রফিকুল হক দুলাল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৫ ঘ.
bdnews24