২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাজু হত্যা মামলায় ছাত্রদল নেতাকর্মী আসামি

নগরীর তালতলায় সাজু আহমেদ হত্যার ঘটনায় তার মা ছাত্রদল নেতাকর্মীদের আসামি করে শুক্রবার রাতে মামলা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2010, 12:02 PM

Updated : 24 Aug 2022, 09:15 PM

সিলেট, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর তালতলায় সাজু আহমেদ হত্যার ঘটনায় তার মা ছাত্রদল নেতাকর্মীদের আসামি করে শুক্রবার রাতে মামলা করেছেন। গত বৃহস্পতিবার প্রতিপক্ষের লোকজন সাজুকে কুপিয়ে আহত করলে পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সাজু আহমেদকে (২৮) ছাত্রদলকর্মী বলে দাবি করেছে সংগঠনটির একটি অংশ। এই হত্যাকাণ্ডের জন্য তারা বিএনপির অপর একটি অংশকে দায়ী করেছে। এ হত্যার ঘটনায় ছাত্রদলের ১৩ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮/১০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন তার মা রুফিয়া বেগম। কোতোয়ালি থানায় উপ পরিদর্শক (এসআই) আনিস রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাজুর মা শুক্রবার রাতে লিখিত অভিযোগ করলে রাতেই মামলাটি রেকর্ড করা হয়। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এজাহারে সাজুকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এর আগে এসআই আনিস রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, সাজু ছাত্রদলকর্মী কিনা এ বিষয়ে তারা নিশ্চিত নন। তবে তার বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি ডাকাতি মামলা রয়েছে। মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন- ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর সমাজসেবা সম্পাদক রেজাউল করিম নাচন, সহ দপ্তর সম্পাদক আবদুর রকিব চৌধুরী, যুগ্ম সম্পাদক সাঈদ আহমদ, জেলা সাধারণ সম্পাদক সাফেক মাহবুব, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক সভাপতি কোহিনূর আহমদ, ছাত্রদল নেতা নাইন এমএম ফখরুল, মামুন, কবীর আহমদ, শাহাবুদ্দীন, জাহেদ ও সরওয়ার। বৃহস্পতিবার বিকেলে সাজু নগরীর তালতলায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয়ে ওই রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। একই সময় নগরীর জিন্দাবাজার ও কোর্ট পয়েন্ট এলাকায় বিএনপির দুই গ্র"পের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সাজু বিশ্বনাথ থানার কামালবাজার ছোটদিঘী গ্রামের মনফর আলীর ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪৫ ঘ.