গাজীপুর, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের দক্ষিণ সালনা এলাকায় বাসচাপায় এক পোশাক শ্রমিকসহ দুজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিক-জনতা বৃহস্পতিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহসড়ক প্রায় দুঘণ্টা অবরোধ করে রাখে। বেশ কয়েকটি গাড়িও ভাংচুর করে তারা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সালনা এলাকার ইউটা গার্মেন্টের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি পিক-আপের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ইউটা গার্মেন্টেসের ফিনিশিং হেলপার আঞ্জুয়ারা বেগম (৩৫) ও স্থানীয় কুনিয়াপাচর মাদ্রাসার ছাত্র শাহিন (১৪) নিহত হয়।
এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিক-জনতা প্রায় দুই ঘণ্টা মহাসড়কটি অবরোধ করে রাখে। এ সময় তারা পাঁচটি গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর রাত ১২টার দিকে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, বাস ও পিক-আপের সংঘর্ষের সময় বাসের চাকায় পিষ্ট হয়ে পথচারী আঞ্জুয়ারা ও শাহিন গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
নিহত আঞ্জুয়ারা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আবদুস সাত্তারের স্ত্রী। শাহিন একই জেলার ফুলপুরের হেলাল উদ্দিনের ছেলে।
তাদের লাশ গাজীপুর সদর হাসপাতালে আছে। গাড়ি দুটি আছে নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়িতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৪০৫ ঘ.
bdnews24