২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির মামলায় এসআইকে গ্রেপ্তারে পরোয়ানা

চাঁদাবাজির মামলায় রংপুরের পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2010, 01:42 PM

Updated : 24 Aug 2022, 09:12 PM

রংপুর, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদাবাজির মামলায় রংপুরের পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার রংপুরের বিচার বিভাগীয় হাকিম শ্যামসুন্দর বর্মণ এ আদেশ দেন। ওইদিন বিকালেই পরোয়ানা পীরগঞ্জ থানায় পাঠানো হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই থানার একজন কর্মকর্তা জানিয়েছেন। জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট সালেহ মো. তানভীর আহাম্মেদ গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার বিষয়টি স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন পর্যন্ত আদালতের আদেশ তিনি পাননি। পেলে পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। গত ২৬ এপ্রিল পীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ লীগের যুগ্ম আহ্বায়ক নেতা মো. ফিজার বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন। তিনি অভিযোগ করেন, গত ১০ এপ্রিল উপজেলা সদরের এলএসডি গুদামের কাছ থেকে পীরগঞ্জ থানার এসআই আব্দুর রহিম তাকে গ্রেপ্তার করে থানায় ধরে নিয়ে এনে নির্যাতন করেন। এসআই রহিম তার কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে নারী ও শিশু নির্যাতন দমন আইন বা কোনো হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে তাকে হুমকি দেন। তারপরও টাকা দিতে অস্বীকার করায় তাকে সারারাত নির্যাতন করে পরদিন জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। মামলার হওয়ার পর থেকে এসআই আবদুর রহিম ছুটিতে চলে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৫ ঘ.