২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী বরগুনায় আসছেন বৃহস্পতিবার

বেকারদের কর্মসংস্থানে নেওয়া প্রকল্প ন্যাশনাল সার্ভিসের আওতায় বরগুনায় চার হাজার জনকে চাকরি দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলায় ন্যাশনাল সার্ভিস উদ্বোধন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2010, 01:02 PM

Updated : 24 Aug 2022, 09:10 PM

বরগুনা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেকারদের কর্মসংস্থানে নেওয়া প্রকল্প ন্যাশনাল সার্ভিসের আওতায় বরগুনায় চার হাজার জনকে চাকরি দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলায় ন্যাশনাল সার্ভিস উদ্বোধন করবেন। দুপুর ২টায় প্রধানমন্ত্রী বরগুনা সার্কিট হাউস মাঠে ন্যাশনাল সার্ভিস উদ্বোধনের পর জনসভায় বক্তব্য রাখবেন। এ জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক স্বপন কুমার। তিনি জানান, চারজনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে ন্যাশনাল সার্ভিসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জনসভায় সভাপতিত্ব করবেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া, পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান প্রমুখ। জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট মো. মাহবুব হাকিম জানান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা সভাস্থল ও আশপাশের নিরাপত্তায় মোতায়েন থাকবে। বরগুনা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, চলতি বছরের শুরুতে বরগুনা, কুড়িগ্রাম ও গোপালগঞ্জে ন্যাশনাল সার্ভিস প্রকল্পে লোক নিয়োগের কার্যক্রম শুরু হয়। এর মধ্যে কুড়িগ্রামে ন্যাশনাল সার্ভিসের কার্যক্রম শুরু হয়েছে। যুব উন্নয়ন কর্মকর্তারা জানান, বরগুনার পাঁচটি উপজেলায় ১৮ থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সী ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ ১৩ হাজার ৭৩৪ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। প্রথম ধাপে প্রত্যেক উপজেলা থেকে ৮০০ জন করে চার হাজার জনকে প্রশিক্ষণের পর নিয়োগ দেওয়া হবে। তিন মাস প্রশিক্ষণের সময় এরা প্রত্যেকে দৈনিক ১০০ টাকা ভাতা পাবেন। নিয়োগের পর তারা দু'বছর দৈনিক ২০০ টাকা করে পাবে। বরগুনা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক বিনয় রঞ্জন মিত্র সাংবাদিকদের বলেন, এ প্রকল্পে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করতে প্রার্থীদের নির্বাচনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, চাকরির বয়সসীমা, পারিবারিক অস্বচ্ছলতা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের প্রাধান্য দেওয়া হয়েছে। এদিকে বরগুনার তালতলীকে প্রশাসনিক উপজেলা করাসহ বিভিন্ন দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবে এ অঞ্চলের জনপ্রতিনিধি ও এলাকাবাসী। বুধবার বিকালে সার্কিস হাউসে মাঠে সংবাদ সম্মেলনে করে এ তথ্য জানানো হয়। দাবির মধ্যে আরো আছে- বরগুনা-বেতাগী-বাকেরগঞ্জ মহাসড়ক বাস্তবায়ন, পায়রা ও খাকদোন নদীতে সেতু নির্মাণ, পাথরঘাটা-নিশানবাড়িয়ায় ফেরি সার্ভিস চালু, বরগুনায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ পাঁচশ' শয্যার হাসপাতাল ভবন নির্মাণ ইত্যাদি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ ও স্থানীয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এতে আরো উপস্থিত ছিলেন- শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৬ ঘ.