চট্টগ্রাম, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বোয়ালখালীতে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের নাম আব্দুল কাদের (৩৫)। বোয়ালখালীর সৈয়দপুর গ্রামের কাদেরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও হত্যার অভিযোগে মোট আটটি মামলা রয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ওসি মালেক মিয়া।
তিনি বলেন, মঙ্গলবার রাতে বোয়ালখালীর পূর্ব গোমদণ্ডী গ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কাদের আহত হয়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
একই সময়ে কাদেরের সহযোগী বোয়ালখালীর পশ্চিম চরণদ্বীপের মোহাম্মদ রোকনউদ্দিন (৩৪) আহত হন বলে ওসি জানান।
রোকনের বিরুদ্ধে মোট ১৭টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একদল ডাকাত রাত দেড়টার দিকে সশস্ত্র অবস্থায় পূর্ব গোমদণ্ডী গ্রামের জাফর খানের বাড়িতে হানা দেয়। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।
কিছু সময় 'বন্দুকযুদ্ধের' পর অন্য ডাকাতরা পালিয়ে গেলে জাফর খানের বাড়ির ফটকের সামনে গুলিবিদ্ধ অবস্থায় রোকন ও কাদেরকে পাওয়া যায় বলে ওসি জানান।
তিনি বলেন, আহত দুই ডাকাতকে চমেক হাসপাতালে নেওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় কাদেরের।
ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া দুটি বন্দুক, ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৭১০ ঘ.
bdnews24