নারায়ণগঞ্জ, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফৈার ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দক্ষিণ লক্ষণখোলা এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালের এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন বলে পুলিশ জানায়।
নিহতের নাম সবুজ মিয়া (৩৮)। আহতরা হলেন- রাজমিস্ত্রি লিটন (৩২), ফিরোজ মিয়া (৩২), আব্দুল জলিল (৩২) ও তারা মিয়া (২৬)
বন্দর থানার ওসি হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লক্ষণখোলা এলাকার হাসিনা বেগমের একতলা বাড়ির ছাদ ঢালাইয়ের কয়েকদিন পর আজ (বুধবার) সেন্টারিংয়ের বাঁশ ও কাঠ খোলার সময় ছাদ ধসে পড়ে। এতে ইট-পাথরে চাপা পড়ে সবুজ ঘটনাস্থলেই মারা যায়।"
দমকল বাহিনীর কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় চালিয়ে সবুজের লাশ উদ্ধার করে।
আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়। অন্য তিনজন নারায়ণগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আহসানুল কবির সাংবাদিকদের বলেন, "নির্মাণ কাজে ত্র"টি থাকায় ছাদটি ধসে পড়ে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬৫০ ঘ.
bdnews24