ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দায়িত্ব পালন শেষ করার দুই ঘণ্টা পর পুলিশের একজন সহকারী উপপরিদর্শকের (এএসআই) লাশ উদ্ধার হয়েছে।
নিহতের নাম মিজানুর রহমান। তার বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার পিরোজপুর গ্রামে।
রমনা থানার ওসি শিবলি নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এএসআই মিজানুর মঙ্গলবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত নয়াটোলা ফাঁড়িতে দায়িত্ব পালন করেন। সাড়ে ৭টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার চরপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, "মিজান কীভাবে বা কী কারণে টাঙ্গাইল গিয়েছিলেন তা কেউ বলতে পারছে না। তিনি কীজন্য টাঙ্গাইল গিয়েছিলেন, হত্যাকান্ডের পেছনে কী কারণ থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে।"
মির্জাপুর থানার ওসি হাবিবুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মির্জাপুরের বাইপাস এলাকায় সকাল সাড়ে ৭টার দিকে রমনা থানার এএসআই মিজানুরের মৃতদেহ পাওয়া যায়। গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতেরও চিহ্ন আছে।
মিজনুরের পকেটে পাওয়া পরিচয়পত্র দেখে তাকে শনাক্ত করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা হাবিবুল্লাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এজে/১৪৫৯ ঘ.
bdnews24