২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুতার দাম বৃদ্ধি: ব্যবসায়ীদের দায়ী করলেন মন্ত্রী

দেশে সুতার দাম বাড়ার জন্য আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধিসহ ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা করার প্রবণতাকে দায়ী করেছেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2010, 06:21 PM

Updated : 24 Aug 2022, 09:03 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে সুতার দাম বাড়ার জন্য আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধিসহ ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা করার প্রবণতাকে দায়ী করেছেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান। তিনি সুতার মূল্য বৃদ্ধি রোধে ভারত ও আফ্রিকার সুতা উৎপাদনকারী দেশ থেকে সুতা আমদানি করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। সেরা ১০ শ্রমবান্ধব নিটওয়্যার কারখানাকে পুরস্কার প্রদান এবং শ্রমবার্তার বর্ষপূর্তি সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রোববার তিনি একথা বলেন। পুরস্কার পাওয়া কারখানাগুলো হচ্ছে- অবনী নিটওয়্যার লিমিটেড, আইরিশ ফ্যাব্রিক্স লিমিটেড, ইন্টারস্টফ অ্যাপারেলস লিঃ, গ্রামীণ নিটওয়ার লিঃ, রাগাদি টেক্সটাইলস লিঃ, ভিয়েরাটেক্স লিঃ, নিট কনসার্ন লিঃ, ফকির অ্যাপারেলস লিঃ, ফোর এইচ লিংগারি লিঃ এবং বেনিটেক্স ইন্ডাস্ট্রিজ লিঃ। বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি (বিকেএমইএ) ওসমানি স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিকেএমইএ'র সভাপতি ফজলুল হক, সহ-সভাপতি এমএ রাসেদ এবং পরিচালক ও কমপ্লায়েন্স কমিটির চেয়ারম্যান ফজলে এহসান শামীম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারুক খান বলেন, "গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টিকারী একটি কুচক্রী মহলকে চিহ্নিত করেছে সরকার। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" সুতার দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, "আন্তর্জাতিক বাজারে সুতার দাম বাড়ার কারণে বাজার কিছুটা অস্থিতিশীল হয়ে পড়েছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী এ থেকে অতিরিক্ত মুনাফা লাভের চেষ্টা করছে। ভারত থেকে সুতা আমদানি বন্ধের কারণে সুতার দাম বেড়েছে।" সুতার বাজার স্থিতিশীল করতে তিনি ভারত ও আফ্রিকার দেশগুলো থেকে সুতা আমদানির পরামর্শ দেন। এ ব্যাপারে সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। গার্মেন্টস ও নিটওয়্যার কারখানার মালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, শ্রমিক ছাড়া কারখানায় কোনো উৎপাদন সম্ভব নয়। একইসঙ্গে কারখানাকে ভাল না বাসলে শ্রমিকদের ভাগ্যেরও উন্নয়ন হবে না। তাই পরস্পরের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে এ শিল্পকে এগিয়ে নিতে হবে। আগামী তিন মাসের মধ্যেই শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত ও বাস্তবায়ন করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২৩৩০ ঘ.