রাজশাহী, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) অনুষ্ঠানে হামলা ও ভাংচুর করেছে এক দল মুসুল্লি।
বৃহস্পতিবার রাতে নগরীর ভূবনমোহন পার্কে এ হামলার ঘটনা ঘটে। এতে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
সিপিবির নেতারা অভিযোগ করেন, জামায়াত-শিবির মৌলবাদী চক্র এই হামলার সঙ্গে জড়িত।
হামলার সত্যতা নিশ্চিত করে বোয়ালিয়া মডেল থানার ওসি জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
সিপিবি নেতারা জানান, দলের রাজশাহী মহানগর শাখার ১১তম সম্মেলন শেষে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
রাত পৌনে ৯টার দিকে সোনাদিঘী মসজিদ থেকে এক দল মুসুল্লি নামাজের সময় কেন গান-বাজনা করছিস বলেই অনুষ্ঠানস্থলে হামলা চালিয়ে মঞ্চ, বাদ্যযন্ত্র ও দর্শক সারির চেয়ার ভাংচুর করে।
হামলায় শিশু কিশোর সংগঠন খেলাঘরের সাইফুল ইসলাম ও বিপাশা পায়ে আঘাত পায়।
হামলায় আতংক ছড়িয়ে পড়লে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয় বলে সিপিবি নেতারা জানান।
তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না এবং স্বাধীনতা বিরোধী অপশক্তিকে লালন করে তারা এই হামলা চালিয়েছে।
প্রিন্স আরো অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতে হামলার ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তিনি হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার দাবি করেন।
সিপিবি'র রাজশাহী মহানগর সভাপতি আবুল কালাম আজাদ বলেন, নগর উদীচীর পরিবেশনা চলাকালে টুপি ও পাঞ্জাবি পরিহিত এক দল লোক হামলা চালায়। হামলার অনেক আগেই নামাজ শেষ হয়ে যায় এবং নামাজের সময় অনুষ্ঠান বন্ধ ছিল। হঠাৎ করে এ হামলা রহস্যজনক।
সংবাদ সম্মেলনে দলের জেলা সম্পাদক এনামুল হকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৩৮ ঘ.
bdnews24