২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএনওকে হেনস্তা, প্রধানমন্ত্রীর ছবি ভাঙার অভিযোগ

গাড়ির জন্য দিনাজপুরের বিরল উপজেলা চেয়ারম্যান বৃহস্পতিবার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) হেনস্তা ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2010, 04:12 PM

Updated : 24 Aug 2022, 08:58 PM

দিনাজপুর, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাড়ির জন্য দিনাজপুরের বিরল উপজেলা চেয়ারম্যান বৃহস্পতিবার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) হেনস্তা ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন। তবে প্রধানমন্ত্রীর ছবি ভাঙার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা চেয়ারম্যান । ইউএনও এ কে এম আজাদুর রহমান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, চেয়ারম্যান মোকাররম হোসেন দুপুর ১২টার দিকে কার্যালয়ে ঢুকে তাকে লাঞ্ছিত ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপজেলা চেয়ারম্যান মোকাররম হোসেন পরিষদের পুরনো জিপ গাড়িটি চেয়েছিলেন। আমি তাকে লিখিত আবেদন করতে বলি। বুধবার আবেদনপত্র পাওয়ার পর তাকে লিখিতভাবে গাড়ি বুঝে নিতে অনুরোধ করা হয়।" ইউএনও অভিযোগ করেন, চেয়ারম্যান তার কক্ষে প্রবেশ করে চিৎকার করে বলতে থাকেন 'এই উপজেলার সরকার আমি। আমার গাড়ি আমি নিব, বেটা তোমাকে কেন লিখে দিব'। এ সময় তার ল্যাপটপে সজোরে আঘাত করেন এবং শান্ত হতে বলায় তাকে মারতে উদ্যত হন। এছাড়া চেয়ারম্যান টেবিলের কাচ ভেঙ্গে ফেলেন এবং টেলিফোন সেট, টেবিল ফ্যান, বই ও কাগজপত্র ছুড়ে ফেলেন। এক পর্যায়ে দেয়ালে টাঙ্গানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভেঙ্গে ফেলে অকথ্য ভাষায় গালাগালি করতে করতে তিনি বের হয়ে যান বলে অভিযোগ করেন ইউএনও। উপজেলা চেয়ারম্যান মোকাররম হোসেনের প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গাড়ি না দেওয়ায় উত্তেজিত হয়ে আমি ইউএনওর টেবিলের কিছু বই-পুস্তক ছুড়ে ফেলি। অন্য কিছু ভাংচুর করিনি।" তাকে ফাঁসাতে ইউএনও'র কক্ষ থেকে বের হওয়ার পর উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা প্রধানমন্ত্রীর ছবি ভেঙেছে বলে মোকাররম দাবি করেন। ঘটনার প্রতিবাদে দুপুর ২টার দিকে বিরল উপজেলা শাখা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা চত্বরে যায়। সেখানে সমাবেশ করে মোকাররম হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেন আওয়ামী লীগ নেতারা। এছাড়া তাকে উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবি জানার ক্ষমতাসীন দলটির নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, ঘটনার খবর পেয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট সুজায়েত ইসলাম বিরলে আসেন। তিনি ইউএনও-এর সঙ্গে দেখা করে ঘটনা সম্পর্কে অবহিত হন। পরে বিরল থানা পুলিশকে ইউএনও'র বাসভবন ও কার্যালয়ে নিরাপত্তার ব্যবস্থা করতে বলেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২১৫৪ ঘ.