২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমন্বয়ের অভাব থাকলেও ত্রুটি ছিলো না: ছহুল

ভোলা-৩ আসনের উপনির্বাচনে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাজে সমন্বয়ের অভাবের বিষয়টি স্বীকার করলেও সার্বিক কার্যক্রম নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2010, 12:13 PM

Updated : 24 Aug 2022, 08:59 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ আসনের উপনির্বাচনে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাজে সমন্বয়ের অভাবের বিষয়টি স্বীকার করলেও সার্বিক কার্যক্রম নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসি সচিবালয়ে ভোলা-৩ আসনের নির্বাচনে দায়িত্বপালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে বৈঠক করে। বৈঠক থেকে বেরিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সাংবাদিকদের বলেন, নির্বাচনে সংঘর্ষ নিয়ে গণমাধ্যমের কিছু প্রতিবেদন ও ম্যাজিস্ট্রেটদের বক্তব্য পরস্পরবিরোধী। "ম্যাজিস্ট্রেটরা জানিয়েছেন এ সবের অধিকাংশই সেল্ফ ইনজুরড", বলেন তিনি। প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেন, "নির্বাচনে দায়িত্বপালনে ম্যাজিস্ট্রেটদের সুবিধা-অসুবিধা কী হয়েছে- সে অভিজ্ঞতা নিতেই তাদের সঙ্গে আমরা বসেছিলাম। কিছু কিছু খবরা-খবরের বিষয়ে তাদের অভিজ্ঞতাও শুনেছি। আমরা তাদের ওপর খুবই সন্তুষ্ট, তারা ভালো কাজ করেছে।" শনিবার ভোলা- ৩ আসনে লালমোহন-তজুমদ্দিন উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স-এর নেতৃত্ব দেওয়া ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বৈঠকে ছিলেন। বিরোধী দল বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ এ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থকরা বিভিন্ন কেন্দ্রে তার পোলিং এজেন্টদের ঢুকতে দেয়নি। বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে ছহুল বলেন, "নির্বাচনী এলাকার সবখানে সবসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ঘোরাফেরা করেছে। এ ধরনের সংঘর্ষের ঘটনা তাদের নজরে পড়েনি।'' গোলযোগের কারণে ভোলায় নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করা হয়। ছহুল বলেন, "সমন্বয়ের কিছুটা অভাব ছিলো মনে হয়। তবে কোনো ত্র"টির জন্য তা হয়নি। অভিজ্ঞতা হলো, আরো নিবিড় সমন্বয় করে কাজ করলে ভালো ফল পাওয়া যাবে।" আগামীতে নির্বাচনে সমন্বয় জোরদার করতে পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে একসঙ্গে ব্রিফিং করার পরিকল্পনার কথাও জানান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনারদের পদত্যাগ এবং আগামী ৩ মে নির্বাচন কমিশন অভিমুখে বিরোধী দল বিএনপি'র কর্মসূচির বিষয়ে ছহুল বলেন, "কোনো মন্তব্য করতে চাই না। তারা রাজনীতি করেন, কৌশলগতভাবে অনেক কিছু বলে থাকেন। তবে আমরা শতভাগ নিরপেক্ষভাবে কাজ করছি।" রাজনৈতিক দলগুলোকে গণরায় মেনে পরাজয় স্বীকার করার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান তিনি। ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে সিইসির সভাপতিত্বে দেড় ঘণ্টাব্যাপী ওই বৈঠকে অপর নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, ইসি সচিব মুহম্মদ হুমায়ুন কবিরও ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেবি/এমআই/১৭৫০ ঘ.