শিহাবউদ্দীন কিসলু
নিউইয়র্ক থেকে
নিউ ইয়র্ক, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত এশিয়া অঞ্চল থেকে নির্বাহী সদস্য হিসেবে কাজ করবে বাংলাদেশ। বুধবার জাতিসংঘ সদর দপ্তরে এ নির্বাচন হয়।
৩৯ ভোট পেয়ে ফিলিপাইন (১৫ ভোট) এবং দক্ষিণ কোরিয়াকে (০৮ ভোট) পেছনে ফেলে বাংলাদেশ সদস্য নির্বাচিত হয়। ৪১ ভোট পেয়ে চীনও সদস্য নির্বাচিত হয়েছে।
ইউএনডিপির নির্বাহী পরিষদের সদস্য হওয়ায় বাংলাদেশ জাতিসংঘের চারটি সংস্থা ইউএনডিপি, বিশ্ব জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিওএফপি) ও জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এর কার্যক্রমের সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ পেলো বলে জাতিসংঘে বাংলাদেশ মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে আরো বলা হয়, এর ফলে বাংলাদেশ বিশ্ব সভায় তার উন্নয়ন অভিজ্ঞতা কাজে লাগানোর পাশাপাশি স্বল্পোন্নত দেশগুলোর প্রয়োজন এবং সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রাখতে পারবে।
"এমডিজি (সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা) বাস্তবায়ন এবং জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত সমস্যা সমাধানে ইউএনডিপি যেসব কার্যক্রম পরিচালনা করে সেগুলোতে বাংলাদেশ নিজস্ব অভিজ্ঞতার প্রতিফলন ঘটাতে পারবে।"
বাংলাদেশ জাতিসংঘের মোট ২৪টি কমিটিতে সদস্য হিসাবে কাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৪ ঘ.
bdnews24