ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক মাঘে শীত যায় না- বিএনপি নেতাদের ওপর নির্যাতন হচ্ছে দাবি করে সরকারকে হুঁশিয়ার করে এ কথা বলেছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি 'উপযুক্ত' সময়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দেলোয়ার বলেন, "গণতন্ত্রের লেবাসে এ সরকার বিরোধী দলের ওপর নির্যাতন চালাচ্ছে। কারাবন্দি নেতাদের রিমান্ডে নিয়ে জোর করে স্বীকারোক্তি আদায়ের অপচেষ্টা চলছে।
"আমি সরকারকে বলতে চাই- এক মাঘে শীত যায় না। অপেক্ষা করুন, মাঘ মাস আপনাদেরও আসবে।"
"বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে যথা উপযুক্ত সময়ে আন্দোলনে যাবে", বলেন তিনি।
বিএনপির অভিযোগ, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ে জন্য নির্যাতন চলছে।
"এভাবে নির্যাতন করার কোনো আইনগত ভিত্তি নেই। অথচ সরকার এভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে", বলেন বিএনপি মহাসচিব।
পিন্টু ও বাবরের অসুস্থতার কথা তুলে ধরে তাদের মুক্তি দাবি করেন তিনি।
হাসিনার ওপর গ্রেনেড হামলার সঙ্গে পিন্টুর কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই দাবি করে দেলোয়ার বলেন, "সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের নেতাদের জড়িয়ে তারা (সরকার) মামলা নতুনভাবে সাজিয়েছে। বন্দীবস্থায় নির্যাতন চালানো হচ্ছে।"
একই সঙ্গে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এছহানুল হক মিলনকে মিথ্যা মামলায় আটক রাখা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
ভোলা-৩ আসনে নির্বাচনের বিষয়ে দেলোয়ার বলেন, "আওয়ামী লীগ স্টাইলে নির্বাচন কাকে বলে তা লালমোহন-তজুমদ্দিনে তারা দেখিয়েছে। এটা একটি সাজানো একতরফা নির্বাচন ছিলো।"
বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান বন্ধের সরকারি সিদ্ধান্তের নিন্দা জানান বিএনপি মহাসচিব।
দেলোয়ার বলছেন, রাজনৈতিক কারণে এ টিভি চ্যানেলটি বন্ধ করা হয়েছে; যদিও মঙ্গলবার ওই টেলিভিমন বন্ধের আগে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এ ধরনের অভিসন্ধির কথা নাকচ করেন।
সংবাদ সম্মেলনে দেলোয়ারের সঙ্গে ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, কাজী কামরুল ইসলাম সজল, বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, শামীমুর রহমান শামীম, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪২০ ঘ.
bdnews24