গাজীপুর, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য সন্দেহে গাজীপুরে আটক ময়মনসিংহের রাহাতকে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, পত্রিকায় প্রকাশিত জঙ্গির ছবির সঙ্গে চেহারায় মিল পেয়ে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সন্দেহভাজন জঙ্গি হিসেবে রাহাতকে (৩২) আটক করা হয়। রাত ১০টার দিকে আসল পরিচয় পেয়ে তাকে তার বাবার কাছে দিয়ে দেওয়া হয়েছে।
রাহাতের বাবা নাজমুল হুদা গফরগাঁও সরকারি কলেজের ইসলামি শিক্ষার অধ্যাপক ছিলেন।
জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ সাংবাদিকদের বলেন, রাহাত বেশ কিছুদিন ধরে রাহাত নিখোঁজ ছিলেন। গফরগাঁও থানার মাধ্যমে তার আটকের খবর পেয়ে নাজমুল হুদা সোমবার রাতে তাকে নিয়ে গেছেন।
তিনি জানান, রাহাত কোনো জঙ্গি সংগঠনের সদস্য নন। তিনি প্রকৃতপক্ষে একজন মানসিক রোগী। জিজ্ঞাসাবাদে সঠিক তথ্য না দেওয়ায় তার নাম পরিচয় পেতে বেগ পেতে হয়। শেষে রাত ১০টার দিকে তার আসল পরিচয় পাওয়া যায়।
রাহাত ১৯৯৩ সালে ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পাস করেন। তারপর থেকে তিনি মানসিক ভারসাম্য হারাতে থাকেন এবং এক পর্যায়ে স্থায়ী মানসিক রোগীতে পরিণত হন।
ওসি রশিদ জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মুন্সিপাড়া এলাকার একটি হোটেলে বসে রাহাত নাস্তা খাচ্ছিলেন। এ সময় তার আচরণ ও গতিবিধি হোটেলে অবস্থানরত দুজন সাংবাদিকের সন্দেহ হয়।
এসময় হোটেলে থাকা ২০০৯ সনের ১৫ নভেম্বর দৈনিক সংবাদ পত্রিকায় 'ভারত-পাকিস্তানের দুর্ধর্র্ষ জঙ্গিদের টার্গেট বাংলাদেশ' শিরোনামে প্রকাশিত খবরে ছাপানো জঙ্গিদের ছবির সঙ্গে তার চেহারার মিল পেয়ে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ওই পত্রিকাসহ জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম কখনো রাহাত আবার কখনো সাইফুল বলে জানিয়েছিলেন। গ্রামের বাড়ি কোথায় জানতে চাইলে ময়মনসিংহের গফরগাঁওয়ের একাধিক এলাকার নাম বলেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০৪৮ ঘ.
bdnews24