২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা ও পাবনায় দু'জন খুন

সাতক্ষীরা ও পাবনায় মঙ্গলবার দু'জন খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2010, 04:25 PM

Updated : 24 Aug 2022, 08:53 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা ও পাবনায় মঙ্গলবার দু'জন খুন হয়েছেন। এর মধ্যে সাতক্ষীরার শ্যামনগরে প্রতিপক্ষের হামলায় খুন হন পশুপতি বরকন্দাজ (৪৫) এবং পাবনার সাঁথিয়ায় নিজের ছেলের ছোড়া পাথরে নিহত হন ছফিরন নেছা (৬০)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাতক্ষীরা প্রতিনিধি জানান, একটি চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুপুরে শ্যামনগরের চুঁনকুড়ি চিংড়ি চাষ প্রকল্পের (ঢাকা ঘের) ব্যবস্থাপক পশুপতি বরকন্দাজ নিহত হন। তিনি উপজেলার যতিন্দ্রনগর গ্রামের মহাদেব বরকন্দাজের ছেলে। এ সময় আহত হন অন্তত ১০ জন। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা ঘেরে প্রতিপক্ষ হামলা করতে পারে আশঙ্কায় ম্যানেজার পশুপতি বরকন্দাজ সোমবার রাতে শ্যামনগর থানায় একটি মামলা করেন। মঙ্গলবার সকালের শ্যামনগর থানার উপ-পরিদর্শক মো. মুজাহিদ তদন্ত করতে যান। তিনি ফিরে যাওয়ার পর দুপুরে প্রতিপক্ষের ১৫/২০ জন সশস্ত্র একটি দল ঘেরে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে পশুপতি ঘটনাস্থলেই মারা যান। এছাড়া আহত হন পশুপতির পক্ষের আইয়ুব আলী, আনিসুর রহমান, আজিজুল ইসলাম, মোশাররফ হোসেন। অপরদিকে তাদের পাল্টা হামলায় আহত হন প্রতিপক্ষের জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, জাকির হোসেন, মাহবুব ও তাসলিমাসহ ১০/১২ জন। উভপক্ষের আহতদের শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্যামনগর থানার ওসি আব্দুল হাই সরকার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে পশুপতির লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পাবনা প্রতিনিধি জানান, সাঁথিয়া উপজেলার ভবানীপুর গ্রামে নিজের ছেলের হাতে প্রাণ হারান বৃদ্ধা ছফিরন নেছা। সাঁথিয়া থানার ওসি এস এম ফারুক হোসেন জানান, সকালে ছফিরন নেছার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার মেজ ছেলে ইদ্রিস আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ ইদ্রিস একটি পাথর দিয়ে মায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শহরের আদালত পাড়া থেকে ইদ্রিসকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নিহতের বড় ছেলে সিদ্দিক আলী বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.