২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাত-পা বাঁধা ৩টি লাশ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় মঙ্গলবার তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার পর এগুলো পুঁতে রাখা হয় বলে পুলিশ জানিয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2010, 02:08 PM

Updated : 24 Aug 2022, 08:53 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় মঙ্গলবার তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার পর এগুলো পুঁতে রাখা হয় বলে পুলিশ জানিয়েছে। এরা হলেন- মিজান, ফোরকান ও মুরাদ। চন্দ্রিমা রিয়েল এস্টেট প্রকল্পের ৮ নম্বর সড়কের পশ্চিম পাশে তুরাগ নদীর তীরে একটি গর্তে তাদের লাশ পাওয়া যায় বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি ভুইয়া মাহবুব হাসান । আনুমানিক ২৫ বছর বয়সী এই তিন যুবকের মধ্যে দুজনের গায়ে কোনো কাপড় নেই। অপরজনের পরনে লুঙ্গি ও শার্ট ছিলো। প্রত্যেকের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিলো। পাশে আরো কয়েক টুকরো রশি পাওয়া যায়। রাত ১১টার দিকে শিমু নামে মিরপুরের এক বাসিন্দা জানান, মিজান তার আপন চাচাত ভাই। তাদের (মিজানের) বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নৌকাঠি জমিদার বাড়ি এলাকায়। পেশায় তিনি একজন ঠিকাদার। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৮/১০টি মামলা রয়েছে বলেও তিনি জানান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ সনাক্ত করে শিমু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফোরকান ও মুরাদ তার ভাই মিজানের বন্ধু। মামলা থাকায় মিজান ঢাকায় আত্মগোপন করেছিলেন বলে দাবি করে শিমু বলেন, গত বৃহস্পতিবার ওই তিনজনের সঙ্গে তার সর্বশেষ দেখা হয়েছিল। এরপর তাদের খোঁজ না পেয়ে তার ধারণা হয়েছিল র‌্যাব বা পুলিশ তাদের গ্রেপ্তার করে থাকতে পারে। স্থানীয়রা জানায়, মাছ ধরার সময় একজন জেলে নদীর পাড়ে কাক ও কুকুরের জটলা দেখে আবাসন প্রকল্পের শ্রমিকদের দেখান। পরে খবর পেয়ে আনসার সদস্যরা গিয়ে একটু খুঁড়ে হাড়গোড় দেখে পুলিশে দেয়। ওসি মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৭/৮ দিন আগে এদের হত্যা করা হয়েছে বলে লাশ দেখে মনে হচ্ছে। একজনের গলা ও বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পচে বিকৃত হয়ে যাওয়ায় অপরদের আঘাতের চিহ্ন এখন বোঝা যাচ্ছে না।" তিনি বলেন, অন্য কোথাও থেকে এদের ধরে এখানে এনে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া রাতে শিমুর দেওয়া পরিচয়ের বিষয়টি যাচাইবাছাই করা হচ্ছে বলেও তিনি জানান। ঢাকা উদ্যান ও এর আশেপাশের এলাকায় এর আগেও একাধিক খুনের ঘটনা ঘটেছে। এর নদীর তীরবর্তী এলাকাটি রাজধানীর অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এমআই/ডিডি/০০২০ ঘ.