ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক উপদেষ্টা ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সম্পদের হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের পাঠানো নোটিশের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
মাহমুদুরের আবেদনে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
নোটিশের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা কেন দেওয়া হবে না, আদালত তা-ও জানাতে বলেছে।
গত ১৩ এপ্রিল মাহমুদুর রহমানের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়া হয়। ওই নোটিশের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা চেয়ে গত ১৪ এপ্রিল তিনি বিচারিক আদালতে মামলা করেন।
তবে সে আদালত ওই আবেদন নামঞ্জুর করে। এরপর হাইকোর্টে যান মাহমুদুর।
আদালতে মাহমুদুরের পক্ষে ছিলেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। কমিশনের পক্ষে শুনানি করেন খুরশিদ আলম খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমইউএস/এমআই/১৫৩০ ঘ.
bdnews24