২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাওরে কৃষকদের হাহাকার

কিশোরগঞ্জের ইটনা ও মিঠামইন উপজেলার বিশাল হাওর এলাকাজুড়ে এখন অথৈ পানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2010, 04:08 PM

Updated : 24 Aug 2022, 08:51 PM

কিশোরগঞ্জ, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের ইটনা ও মিঠামইন উপজেলার বিশাল হাওর এলাকাজুড়ে এখন অথৈ পানি। দেখে বোঝার উপায় নেই কয়েকদিন আগেও এখানে মাইলের পর মাইল জুড়ে ছিল শুধুই সবুজ ধানক্ষেত। কয়েকদিনের পানির তোড়ে ভেসে গেছে কৃষকদের পাকা ধান ঘরে তোলার স্বপ্ন। গত দু'সপ্তাহ ধরে নামা পাহাড়ি ঢলে ইতোমধ্যে তলিয়ে গেছে হাওরের অধিকাংশ ফসলি জমি। বছরের একমাত্র ফসল ডুবে যাওয়ায় হাওরের কৃষকরা এখন দিশেহারা। দাবি উঠেছে, হাওর এলাককে দুর্গত ঘোষণা করে জরুরি ভিত্তিতে সাহায্য ও কৃষকদের পুনর্বাসন করা হোক। স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের দেওয়া তথ্যমতে ইটনা উপজেলায় দুই তৃতীয়াংশ এবং মিঠামইন উপজেলায় অর্ধেক জমির ফসল তলিয়ে গেছে। বাকি জমিও হুমকির মুখে। ভেঙে গেছে ছোট-বড় ত্রিশটির মতো ফসলরক্ষা বাঁধ। হাওরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হাঁটু কিংবা কোমর পানিতে দাঁড়িয়ে কৃষকরা আধাপাকা ধান কেটে নিচ্ছে। একেবারে না পাওয়ার চেয়ে কিছু হলেও পাওয়া যায় কিনা তার আপ্রাণ চেষ্টা তাদের। ইটনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দারুল ইসলাম বলেন, অভাবের কারণে এই এলাকার মানুষ এখনই কাজের সন্ধানে ঢাকা, সিলেটসহ বিভিন্ন স্থানে চলে যেতে শুরু করেছে। ইটনা উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম রতন তার উপজেলায় দুই-তৃতীয়াংশ ফসল নষ্ট হয়েছে দাবি করে বলেন, কৃষকদের যে ক্ষতি হয়েছে তাতে তাদের সারা বছর না খেয়ে থাকতে হবে। তাই এ এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা না করলে কৃষকরা বাঁচবে না। মিঠামইন উপজেলা চেয়ারম্যান কামরুল আহসান শাহজাহানও তার উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়ে বলেন, "আমার এলাকায় চাষ হওয়া ১৭ হাজার ৪০৮ হেক্টর জমির অর্ধেক ফসলই তলিয়ে গেছে। তাই সরকারের কাছে আগামী বছর কৃষকদের বোরো আবাদের স্বার্থে বর্তমান কৃষি ঋণ সম্পূর্ণ মওকুফের দাবি জানাচ্ছি।" ইটনা উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূরুল আবছার বলেন, উপজেলায় চাষ হওয়া ২৯ হাজার ৭৫০ হেক্টর জমির অর্ধেকই তলিয়ে গেছে। বাকি জমিও হুমকির মুখে। বোরো ছাড়া আর কোনো ফসল এখানে হয় না। তাই জরুরি ভিত্তিতে ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচির আওতায় খাদ্য সহায়তাসহ আগামী বোরো মৌসুমে কৃষি সহায়তা প্রদান করা উচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৩ ঘ.