ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার বিরুদ্ধে ঢাকার আদালতে একটি মামলা হয়েছে।
রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন পূর্ব বাসাবো এলাকার ব্যবসায়ী ও খেলাফত আন্দোলনের নেতা মোহাম্মদ হোসাইন আকন্দ। তার গ্রামের বাড়ি চাঁদপুরের হাইমচরের চর ভৈরবী গ্রামে।
হাকিম একেএম এমদাদুল হক দুপুরে আবেদনের ওপর শুনানি গ্রহণ করেন। তবে তিনি কোনো আদেশ তখন দেননি।
গত ১৬ এপ্রিল বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে শামসুল হুদার দেওয়া বক্তব্য ধরে এ মামলা হয়।
বাদির অভিযোগ, ভোলার উপনির্বাচন নিয়ে সিইসি বলেছিলেন, সেনাবাহিনী ফেরেশতা নয় যে তারা এলেই সব ঠিক হয়ে যাবে। সেনাবাহিনী কেন খোদ আল্লাহ তাআলাও কিছু করতে পারবেন না।"
হোসাইন আকন্দ তার অভিযোগে বলেন, এ বক্তব্য একদিকে শিরকের (আল্লাহর সঙ্গে তুলনা) সামিল। দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্ম এবং ধর্মীয় বিশ্বাসকে অবমাননার সামিল। সিইসি এর মধ্য দিয়ে কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমএস/এমইউএস/এমআই/১৬২০ ঘ.
bdnews24