২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীদের কল্যাণে কী পদক্ষেপ নিয়েছেন, জানান: হাইকোর্ট

প্রতিবন্ধী কল্যাণ আইন অনুযায়ী তাদের কল্যাণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে আগামী এক মাসের মধ্যে তা জানাতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2010, 09:04 AM

Updated : 24 Aug 2022, 08:50 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবন্ধী কল্যাণ আইন অনুযায়ী তাদের কল্যাণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে আগামী এক মাসের মধ্যে তা জানাতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দুটি রিট আবেদনে বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের বেঞ্চ রোববার এ আদেশ দেয়। দৃষ্টি প্রতিবন্ধী অ্যাডভোকেট স্বপন চৌকিদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক রিদওয়ানুল হক এবং চারটি মানবাধিকার ও প্রতিবন্ধী অধিকার সংগঠন আবেদন দুটি করেন। আদালত বলেছে, সরকারের ওই প্রতিবেদন জমা দেওয়ার পর তা পরীক্ষা করে এ বিষয়ে পরবর্তী আদেশ দেওয়া হবে। প্রতিবন্ধীদের বিসিএস ও জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি চেয়ে গত ২১ এপ্রিল হাইকোর্টে এ দুটি রিট আবেদন করা হয়। সেদিন শুনানি গ্রহণ শেষে আদালত আগামী ২৫ এপ্রিল আদেশের জন্য দিন নির্ধারণ করেছিলো। রিট আবেদনকারী সংগঠনগুলো হলো- আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, অ্যাকশন অন ডিজ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট ও ন্যশনাল কাউন্সিল অব ডিজ্যানল্ড উইমেন। প্রতিবন্ধীদের বিসিএস এবং জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় অংশগ্রহণ করতে অনুমতি দেওয়ার আদেশ কেন দেওয়া হবে না- রিট আবেদনের পর তার কারণ জানাতে সরকারের প্রতি আদেশ দেওয়া হয়েছিলো। এছাড়া প্রতিবন্ধীদের বিসিএস এবং জুডিসিয়াল সার্ভিসের উপযুক্ত পদে নিয়োগ দানের জন্য কেন নিয়োগকারী কর্তৃপক্ষের ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালনের জন্য আদেশ দেওয়া হবে না- তার কারণ জানানোর জন্যও সরকারের প্রতি আদেশ দেওয়া হয়। আবেদনকারী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খোন্দকার শাহ্রিয়ার শাকির এবং অ্যাডভোকেট কাজী জাহেদ ইকবাল। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম। রিট আবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের সরকারি চাকরিতে কোটা সংরক্ষণের ঘোষণা দেওয়ার পরও বাংলাদেশ সিভিল সার্ভিস এবং জুডিশিয়াল সার্ভিসের চাকরিতে নিয়োগলাভের জন্য কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আবেদনে আরো বলা হয়, ২০০১ সালের প্রতিবন্ধী কল্যাণ আইনে সরকার, বিধিবদ্ধ সংস্থা এবং স্থানীয় সরকার কর্তৃপক্ষের উপযুক্ত চাকরিতে প্রতিবন্ধীদের নিয়োগ লাভের সমান সুযোগ সৃষ্টি করার জন্য বলা হয়েছে। প্রতিবন্ধীদের বাংলাদেশ সিভিল সার্ভিস এবং জুডিশিয়াল সার্ভিসের চাকরিতে নিয়োগ লাভের সুযোগ থেকে বঞ্চিত রাখায় সংবিধানের ২৬, ২৭, ২৯ এবং ৪০ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলেও রিট আবেদনে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৪০ ঘ.