মাদারীপুর, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনি উপজেলায় চারজনের পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষরা।
রোববার সকালে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খুনেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, আহত ফয়সাল তালুকদার (২০), মাসুদ হোসেন (৩০), শাহাদাত মোল্লা (৩৫) ও শাজাহান মোল্লাকে (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর প্রথমে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারপর সেখান থেকে তাদেরকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
কালকিনি থানার ওসি মেজবাহউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খুনেরচর গ্রামের দুই প্রতিদ্বন্দ্বী কাসেম বাহিনী ও বাদল বাহিনীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মাঝেমধ্যেই সংঘাত ও বাকবিতণ্ড হয়ে আসছিলো।
তিনি বলেন, রোববার সকাল ১০টার দিকে কাসেম বাহিনীর লোকজন বাদল বাহিনীর ফয়সাল, মাসুদ, শাহাদাত ও শাজাহানকে বাড়ি থেকে ডেকে পাশের একটি নদীর পাড়ে নিয়ে বেধড়ক মারপিট করে চারজনের একটি করে পায়ের রগ কেটে দেয়।
ওসি বলেন, খবর পেয়ে বাদল বাহিনীর লোকজন ঘটনাস্থলে দৌড়ে গেলে কাসেমের লোকজন তাদের ওপরও হামলা করে। এতে লিটন খলিফা (৩৫), শহিদুল আকন (৩৫) ও বাদল হোসেনসহ ছয়জন আহত হয়।
তিনি জানান, আহত লিটন, শহিদুল ও বাদলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩১৯ ঘ.
bdnews24