২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদরঘাট ইজারা পদ্ধতি উঠে যাচ্ছে

যাত্রী হয়রানি বন্ধ, ঘাটে অবৈধ দোকান বসিয়ে টাকা তোলা বন্ধ এবং বকেয়া টাকা আদায়সহ এ সংক্রান্ত জটিলতা নিরসনে ঢাকার সদরঘাটের ইজারা পদ্ধতি বদলে ফেলা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2010, 06:36 AM

Updated : 24 Aug 2022, 08:50 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রী হয়রানি বন্ধ, ঘাটে অবৈধ দোকান বসিয়ে টাকা তোলা বন্ধ এবং বকেয়া টাকা আদায়সহ এ সংক্রান্ত জটিলতা নিরসনে ঢাকার সদরঘাটের ইজারা পদ্ধতি বদলে ফেলা হচ্ছে। এতে বর্তমান পদ্ধতিতে ইজারা না দিয়ে ঘাটটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নিয়ন্ত্রণেই রাখা হবে। কর্তৃপক্ষের মাধ্যমে নিবন্ধিত শ্রমিকদের দিয়ে পরিচালনা করা হবে ঘাটটি। আগামী জুলাই মাসে ঘাটের বর্তমান বছরের ইজারার মেয়াদ শেষেই পরীক্ষামূলকভাবে নতুন পদ্ধতি কার্যকর করা হতে পারে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিআইডব্লিওটিএ'র নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুল মালেক মিয়া। মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ'র কর্মকর্তারা জানান, সদরঘাট লঞ্চ টার্মিনালের চলতি অর্থ-বছরের ইজারা মূল্য উঠেছে ৩ কোটি ৬৫ লাখ টাকা। ঘাট শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের অনুসারী ঢাকা ঘাট শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্রমিক সর্দার মোহাম্মদ মহিউদ্দিন এ বছর ঘাটটি ইজারা নিয়েছেন। এর আগের বছর ঘাটটির ইজারা ছিল ঘাটের অন্য আরেক প্রভাবশালী ব্যবসায়ী নূরুল ইসলাম ব্যাপারীর কাছে। তিনি ৩ কোটি ৩০ লাখ টাকায় ইজারা নিয়েছিলেন। কিন্তু এর আগের বছরগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ঘাটটির ইজারা মূল্য কখনোই ২ কোটি টাকার ওপরে উঠেনি। প্রতি বছরই এর ইজারা মূল্য এক থেকে দেড় কোটি টাকায় সীমাবদ্ধ ছিল। তত্ত্বাবধায়ক সরকারের সময় হঠাৎ করেই ঘাটের ইজারা মূল্য দ্বিগুণ হয়ে যায়। যা নতুন সরকার আসার পরও অব্যাহত থাকে। তবে অভিযোগ রয়েছে, বিআইডব্লিউটিএ'র কর্মকর্তাদের যোগসাজশে প্রতি বছর ঘাটটির ইজারা মূল্য কম দেখানো হতো। এ ধরণের অভিযোগের কথা স্বীকার করে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ক্ষেত্রে বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়টিও উড়িয়ে দেওয়া যায় না। কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে। "এ জন্য একটি কমিটি গঠন হচ্ছে। তদন্তে দোষী প্রমাণিত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না", বলেন তিনি। তবে যাত্রী হয়রানি এবং অবৈধ টাকা আদায়ের অভিযোগ অস্বীকার করে ইজারাদার মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইজারাদার ও তাদের প্রতিনিধিরা যাত্রী হয়রানি বা অবৈধ অর্থ আদায়ের সঙ্গে জড়িত নয়। বিআইডব্লিউটিএ'র কর্মকর্তারাই এজন্য দায়ী। কোনো ব্যবস্থা নিতে হলে তাদের বিরুদ্ধেই নিতে হবে। শ্রমিকদের দিয়ে ঘাট চালানোর উদ্যোগ স্বাগত জানিয়েছেন তিনি। এদিকে ঘাটটির নিয়ন্ত্রণ, যাত্রী ও মালামাল ওঠানামাসহ বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের কাছে। অভিযোগ রয়েছে যাত্রী হয়রানি, অতিরিক্ত অর্থ আদায়, ঘাট এলাকার বাইরে টোল আদায়, টার্মিনাল ও টার্মিনাল এলাকার বাইরে অবৈধ দোকান বসিয়ে অর্থ আদায়েরও। অভিযোগ রয়েছে, ইজারার অর্থ ঠিকমতো জমা না দেওয়ারও। নতুন পরিকল্পনা অনুযায়ী নিবন্ধিত শ্রমিক দিয়ে ঘাট চালানোর প্রস্তুতি ইতিমধ্যেই নিতে শুরু করেছে মন্ত্রণালয় ও কর্তৃপক্ষ। আগামী জুলাই থেকেই ঘাটটি ইজারা না দিয়ে নতুন ব্যবস্থায় কার্যক্রম চালানো হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১১৫০ ঘ.