মেহেরপুর, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাংনী উপজেলার মহাব্বতপুর গ্রামে শুক্রবার বোমাসহ এক 'চরমপন্থি' নেতাকে আটক করেছে র্যাব।
গ্রেপ্তার তোফাজ্জল হোসেনের কাছ থেকে পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়। তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমল লাল পতাকা) আঞ্চলিক কমান্ডার বলে র্যাব জানায়।
মেহেরপুর র্যাব কমান্ডার এএসপি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় মহাব্বতপুর গ্রামের একটি মাঠে কয়েকজন চরমপন্থি নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। এ সময় র্যাব সেখানে অভিযান চালালে তারা অস্ত্র ও বোমা নিয়ে পালিয়ে যাবার সময় বোমাসহ তোফাজ্জেল আটক হয়। বাকিরা পালিয়ে যায়।
আটক তোফাজ্জলকে র্যাব ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বোমাগুলি থানায় পানিতে ডুবিয়ে রাখা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২১৬ ঘ.
bdnews24