২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি সদস্য হাফেজ মাসুদ গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠন জামা'আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের সহযোগী হাফেজ মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2010, 12:50 PM

Updated : 24 Aug 2022, 08:47 PM

নওগাঁ, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন জামা'আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের সহযোগী হাফেজ মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাসুদ নওগাঁর আত্রাই উপজেলার পতিসর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই উপজেলার মস্কিপুর বাজার থেকে শনিবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন থানার ওসি মোয়াজ্জেম হোসেন। তিনি আরো জানান, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ জেএমবি সদস্য মাসুদ হত্যা, অপহরণ ও চাঁদাবাজিসহ চারটি মামলার পলাতক আসামি। ২০০৪ সালে নওগাঁর আত্রাই ও রানীনগর উপজেলায় জেএমবির প্রধান শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইয়ের নেতৃত্বে মাসুদ হত্যা, অপহরণ ও চাঁদাবাজি করে। ওসি মোয়াজ্জেম জানান, ওই বছরে ২৬ এপ্রিল মাসুদ ও তার সঙ্গীরা মির্জাপুর হাই স্কুল মাঠে সর্বহারাদের আত্মসমর্পণের নামে আয়োজিত জনসভায় ভোঁপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য শেখ ফরিদকে সর্বহারাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে বাংলা ভাইয়ের উপস্থিতি ও নির্দেশে পিটিয়ে হত্যা করে। বাংলা ভাই গ্রেপ্তার হওয়ার পর থেকে মাসুদ আত্মগোপনে ছিলো। তবে মাঝে মাঝে এলাকায় এসে জেএমবি ক্যাডারদের একত্রিত করার চেষ্টা করতো বলেও তিনি জানান। ঝালকাঠিতে দুই বিচারক হত্যার মামলায় ২০০৭ সালে বাংলা ভাই ও শায়খ আব্দুর রহমানসহ জেএমবির ছয় জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এজে/১৮৪৩ ঘ.