২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় নিহত চার

নরসিংদীতে বাস ও বেবিটেক্সির মুখোমুখী সংঘর্ষে শুক্রবার তিনজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2010, 01:53 PM

Updated : 24 Aug 2022, 08:45 PM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে বাস ও বেবিটেক্সির মুখোমুখী সংঘর্ষে শুক্রবার তিনজনের মৃত্যু হয়েছে। একইদিন ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী টেম্পু খাদে পড়ে নিহত হয়েছেন একজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নরসিংদী প্রতিনিধি জানান, সদর উপজেলার চৈতাব এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস-টেক্সি সংঘর্ষে নিহত হয়েছেন মিন্টু মিয়া (৩০), আমিনুর রহমান (৩৫) ও অজ্ঞাত পরিচয়ের টেক্সিচালক (৩০)। সদর থানার উপপরিদর্শক আবুল হোসেন জানান, বিকাল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস চৈতাব এলাকায় নারায়ণগঞ্জ থেকে পাঁচ দোনাগামী বেবিটেক্সিকে ধাক্কা দেয়। এতে দুই টেক্সিযাত্রী ও চালক ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনায় বেবিটেক্সিটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়া-নাসিরনগর সড়কের ধনপুরায় একটি যাত্রীবাহী টেম্পু নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এক যাত্রী নিহত ও আরো চারজন আহত হয়েছেন। নিহত আবদুর রহমানের (৪৫) বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার বেরুন্ডা গ্রামে। আহত রুহুল আমীন (৪০), প্রাণ লাল দাস (৪৫), এমএ কাদের (৫৫) ও আশরাফ আলীকে (৪০) নাসিরনগর হাসপাতালে পাঠানো হয়েছে। নাসিরনগর থানার ওসি গোলাম ফারুক জানান, বিকাল ৪টার দিকে নাসিরনগর থেকে সরাইল যাবার পথে একটি সিএনজিচালিত টেম্পু ধনপুরা পৌঁছলে পাশের একটি গাছে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। পুলিশ টেম্পুটি উদ্বার করে থানায় নিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪০ ঘ.