ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সব খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫ হাজার টাকা করার দাবি জানিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল বৈঠকে পরিষদের নেতারা এ দাবি জানান।
স্কপের সমন্বয়কারী এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান বলেন, একজন শ্রমিক যাতে পরিবার পরিজনসহ জীবন যাপন করতে পারে সে জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ একান্ত প্রয়োজন।
"বাস্তবতার আলোকে জাতীয় ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা হওয়া উচিত", বলেন তিনি।
'জাতীয় ন্যূনতম মজুরি দারিদ্র্য সীমার নিচে নয়' শীর্ষক ওই বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকার সমর্থক জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র।
তিনি বলেন, দেশে শ্রমিকদের মজুরি খুবই কম এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিশ্চিতভাবে শ্রমিকদের ক্রয়ক্ষমতাকে বহুলাংশে কমিয়ে দিয়েছে।
"শ্রমিকদের এখন নিত্যদিন তাদের প্রয়োজন ও সাধ্যের মাঝখানে অমানবিক আপসের আশ্রয় নিতে হচ্ছে। এতে ভিক্ষাবৃত্তি ও শিশু শ্রমে যুক্ত হওয়ার ঝুঁকির মধ্যে নিক্ষিপ্ত হচ্ছে শ্রমিক পরিবারগুলোর লাখ কোটি শিশু।"
প্রধান বিরোধী দল বিএনপি সমর্থক জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান বলেন, "শ্রমিক ও মালিকের উভয়ের স্বার্থ সংরক্ষণ করে অবিলম্বে ন্যূনতম মজুরি নির্ধারণ করা উচিত।"
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ওই আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টিইউসির সভাপতি সহিদুল্লাহ চৌধুরী, জাতীয় শ্রমিক লীগ সভাপতি আব্দুল কাদের, মুক্ত ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভুঁইয়া, শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন প্রমুখ।
তারা শ্রমিকের জন্য কম দামে খোলাবাজারে চাল, ডাল, তেল সরবরাহের আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24