ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেত্রকোনায় দুটি মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মাগুরায় মাদক মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার নেত্রকোনায় খুনের মামলায় ছয়জন এবং অপহরণ ও ধর্ষনের দায়ে একজনকে সাজা দেওয়া হয় বলে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. একরামূল হক চৌধুরী খুনের দায়ে ছয়জনকে যাবজ্জীবন সাজার রায় দেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার বাংলা দাসপাড়া গ্রামের বজলু, ওয়াহাব, বাচ্চু, এলাল উদ্দিন, একদিল, সাত্তার, ইউসুফ আলী। এদের মধ্যে বাচ্চু অসুস্থ্য হয়ে ২০০৪ সালে জেলে মারা যায়।
মামলার বিবরণে জানা যায়, আসামিরা একই গ্রামের শিব শংকরকে ২০০১ সালের ২১ ফেব্রয়ারী কুপিয়ে হত্যা করে। ঘটনার পরদিন নিহতের ভাই বিশ্বজিত তালুকদার বাদি হয়ে নেত্রকোনা মডেল থানায় হত্যা মামলা করেন।
নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. কাদের নেওয়াজ অপহরণ ও ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।
সাজাপ্রাপ্ত সম্রাট মিয়া জেলার মোহনগঞ্জ উপজেলার পাবই গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ১৪ মার্চ একই গ্রামের সাকিবা আক্তারকে অপহরণের পর ধর্ষণ করেন সম্রাট। এ ঘটনায় সাকিবার ভাই লিটন মিয়া বাদি হয়ে তার বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় মামলা করেন।
মাগুরা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার বিকালে মাদক মামলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাজির আহমেদ এক নারীকে যাবজ্জীবন সাজার রায় দেন। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত আসামি হলেন- মমতাজ বেগম টুকটুকি (৩০)। তিনি ঝিনাইদহের মহেশপুর থানার সেজিয়া গ্রামের সৈয়দ আকবর আলীর মেয়ে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৭ সালের ১৪ এপ্রিল সদর থানার এসআই আব্দুল বাতেন শহরের বাস টার্মিনালের পাশে একটি খাবার হোটেল থেকে মমতাজ ২৫ বোতল ফেনসিডিলসহ আটক করেন।
এ ঘটনায় ওই দিন তার বিরুদ্ধে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/প্রতিনিধ/এলএন/এমএসবি/১৯০৮ ঘ.
bdnews24