সাভার এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভার উপজেলার একটি এলাকা থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ বলেছে, নিহত এনায়েত হোসেন (৩০) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের সহযোগী ছিলেন। তার বাড়ি বরিশাল।
বৃহস্পতিবার সকাল ৮টার সাভারের ধরেন্ডা এলাকার রাস্তার পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তার মাথায় দুটি ও পেটে একটি গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের।
তিনি জানান, ভোররাতে দুস্কৃতকারীরা গুলি করে হত্যার পর এনায়েতের লাশ ওই স্থানে ফেলে যায় বলে তারা ধারণা করছেন। প্রতিপক্ষ গ্র"প তাকে হত্যা করে থাকতে পারে।
এনায়েতের পকেটে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। এতে তার ধামরাইয়ের শ্বশুর বাড়ির ঠিকানা লেখা রয়েছে। তার শ্বশুর বাড়ি ধামরাইয়ের কুমরাইল এলাকায়।
এসআই আরো জানান, এনায়েত হোসেন শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের ক্যাশিয়ার ছিলেন। থাকতেন রাজধানীর মিরপুর এলাকায়।
একাধিকবার তাকে ধরার জন্য র্যাব অভিযান চালায়। র্যাবের হাতে ধরা পড়ার ভয়ে ধামরাইয়ের শ্বশুর বাড়িসহ বিভিন্ন স্থানে তিনি আত্মগোপনে থাকতেন।
তিনি জানান, এনায়েতের শ্বশুর বাড়িতে খবর দেওয়া হলেও এখনো পর্যন্ত তার কোনো আত্মীয়স্বজন থানায় আসেনি।
ময়না তদন্তের জন্য লাশ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৮ ঘ.
bdnews24