২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডলফিন পিটিয়ে মারলো জেলেরা

বাগেরহাট শহর সংলগ্ন দড়াটানা নদীতে জেলেরা স্থানীয়ভাবে শুশুক নামে পরিচিত একটি গাঙ্গেয় ডলফিন পিটিয়ে মেরেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 12:30 PM

Updated : 26 Apr 2022, 01:00 AM

মঙ্গলবার ভোরে জালে আটকে পড়ার পর জেলেরা ডলফিনটিকে শহর রক্ষা বাঁধের ডাকবাংলো ঘাট এলাকার চরে এনে পিটিয়ে হত্যা করে ফেলে রেখে যায়।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজম খান সাংবাদিকদের জানান, খবর পেয়ে তিনি জেলা মৎস্য কর্মকর্তা বজলুর রশিদকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান এবং ডলফিনটি উদ্ধার করেন।

তিনি জানান, ডলফিনটি শহরের কেবি মাছঘাটে বরফ দিয়ে রাখার ব্যবস্থা করা হয়। মৎস্য বিভাগ ডলফিনটি সংরক্ষণ করতে পারবে না বলে জানালে তিনি বাগেরহাট পৌরসভার মেয়রের মাধ্যমে সেটি মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক বরেন, ডলফিনটি সাত ফুট এক ইঞ্চি লম্বা এবং এর ওজন আনুমানিক দুই মণ।

স্থানীয়রা জানায়, বাগেরহাট শহর সংলগ্ন দড়াটানা নদীর মুনিগঞ্জ সেতু থেকে দড়াটানা সেতু পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় জেলেদের অন্তত ছয়টি দল নৌকায় করে বিন্দিজাল দিয়ে মাছ শিকার করে আসছে।

সোমবার রাতে জোয়ারের সময় ডাকবাংলো ঘাট সংলগ্ন এলাকায় জাকির হোসেনের জালে ডলফিনটি ধরা পড়ে। ভোরে জাল তোলার পর জাকির ও তার সহযোগীরা ডলফিনটিকে পিটিয়ে হত্যা করে।

তবে জেলার কচুয়া উপজেলার মাদারতলা গ্রামের মৎস্যজীবী জাকির হোসেন ডলফিনটিকে পিটিয়ে হত্যার কথা অস্বীকার করে বলেন, জালে জড়িয়ে এটি মারা গেছে।

ডাকবাংলো ঘাট সংলগ্ন এলাকার ডেকোরেটর ব্যবসায়ী মোতালেব শেখ জানান, মঙ্গলবার ভোরে তিনি তার প্রতিষ্ঠানে এসে লোকমুখে জানতে পারেন নদীর চরে একটি শুশুক মরে পড়ে আছে। আশপাশের লোকজন মৃত শুশুকটি দেখতে ভিড় করেন।

পরে সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা এসে সেটি উদ্ধার করে নিয়ে যান।

প্রস্তাবিত 'বন্যপ্রাণী (সংরক্ষণ) (সংশোধন) আইন, ২০১০' এ বন্যপ্রাণীর তালিকায় ১৪ প্রজাতির ডলফিনও রয়েছে।

বন্যপ্রাণী নিধনের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন সাজার বিধান রেখে বন্যপ্রাণী সংরক্ষণে আইন সংশোধন করতে যাচ্ছে সরকার।

প্রস্তাবিত সংশোধনীতে বন্যপ্রাণী শিকার, হত্যা এবং আইন লঙ্ঘনের জন্য সর্বোচ্চ তিন লাখ টাকা জরিমানার বিধানও রাখা হয়েছে।