২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট ঘোষণা ১০ জুন: মুহিত

২০১০-১১ অর্থবছরের বাজেট আগামী ১০ জুন সংসদে উত্থাপন করা হবে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, নতুন বাজেটে খুব বেশি পরিবর্তন আনা হবে না। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 06:19 AM

Updated : 24 Aug 2022, 08:40 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১০-১১ অর্থবছরের বাজেট আগামী ১০ জুন সংসদে উত্থাপন করা হবে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, নতুন বাজেটে খুব বেশি পরিবর্তন আনা হবে না। মঙ্গলবার সচিবালয়ে মধ্যমেয়াদি বাজেট কাঠামোর (এমটিবিএফ) বাইরে থাকা মন্ত্রণালয়গুলোর সঙ্গে এক বৈঠকের পরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। অর্থমন্ত্রী জানান, আগামী অর্থবছর থেকে সব মন্ত্রণালয় এমটিবিএফ'র অধীনে আনা হবে। এমটিবিএফ'র বাইরে থাকা মন্ত্রণালয়গুলোর প্রকল্পসমূহের রক্ষণাবেক্ষণে অর্থ বরাদ্দ কম হওয়ায় প্রকল্প বাস্তবায়নে বাধা তৈরি হয় বলে অভিযোগ করেছে এই মন্ত্রণালয়গুলো। অর্থমন্ত্রী বলেন, "আমাদের মূল সমস্যা হলো প্রকল্পের সংখ্যা অনেক বেশি, ফলে মনোনিবেশ করাটা কঠিন হয়ে পড়ে।" "সমস্যার সমাধান হয়তো খুব দ্রুত হবে না, তবে একটি নিয়ম মেনে এগিয়ে যেতে হবে" বলেন তিনি। অর্থমন্ত্রী জ্বালানি খাতের অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, "জ্বালানি ও বিদ্যুৎ খাতে কাক্সিক্ষত সাফল্য আসেনি, তবে সামগ্রিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।" তবে তিন বছরের মধ্যে আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের ব্যাপারে আশাবাদী। আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ২০১১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ৫ হাজার মেগাওয়াটে উন্নীত করার কথা রয়েছে। সরকার এ পর্যন্ত সব ক্ষেত্রে সফল না হলেও তিন বছরের জন্য যে লক্ষ্য স্থির করেছে, তা বাস্তবায়ন করতে পারবে বলে মুহিত আশা প্রকাশ করেন। অর্থমন্ত্রী ইতিমধ্যে আভাস দিয়েছেন, আগামী বাজেটের আকার হবে ১ লাখ ৩০ হাজার কোটি টাকার। বর্তমান অর্থবছরের বাজেট ছিলো ১ লাখ ১৩ হাজার কোটি টাকার। গত অর্থবছরের বাজেটে নতুন সংযোজন সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) এই বছরের বাজেটে আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন মুহিত। তিনি বলেন, "পিপিপি'র অধীনে খুব বেশি কিছু করা হয়নি। তবে নতুন বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে পিপিপি'র অন্তর্ভূক্তির ব্যাপারে পর্যালোচনা করা হবে।" চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের ব্যাপারে সন্তুষ্টি জানিয়ে অর্থমন্ত্রী বলেন, "রাজস্ব আদায়ের প্রক্রিয়া পুনর্গঠনের ব্যাপারে আমরা চিন্তা করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/কিউএইচ/এমআই/১৪৫০ ঘ.