২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ নেতার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্বরূপকাঠি উপজেলা চেয়ারম্যানের করা একটি মামলায় সোমবার ছাত্রলীগের চার নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2010, 05:23 PM

Updated : 24 Aug 2022, 08:36 PM

পিরোজপুর, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরূপকাঠি উপজেলা চেয়ারম্যানের করা একটি মামলায় সোমবার ছাত্রলীগের চার নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। ভাড়ায় মটরসাইকেলের ব্যবসা নিয়ে সকালে উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মুহিদুল ইসলাম এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপনের কথাকাটাকাটি হয়। এর জেরে মুহিদুল থানায় একটি মামলা করেন। গ্রেপ্তার অপর তিনজনের মধ্যে রয়েছেন- উপজেলা ছাত্রলীগের সদস্য সলেমান ও রাজীব। আরেকজনের নাম জানা যায়নি। গ্রেপ্তারের পর ছাত্রলীগ সমর্থকরা থানায় হামলা চালালে পুলিশ কয়েক রাউন্ড গুলি চালায়। ছাত্রলীগকর্মীদের ইটপাটকেল নিক্ষেপে তিন পুলিশসহ অন্তত পাঁচজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বরিশাল থেকে দাঙ্গা পুলিশ আনা হয় বলে জানান থানার ওসি মো. আখতারুজ্জামান। এলাকাবাসী ও পুলিশ জানায়, ভাড়ায় মটরসাইকেল ব্যবসা নিয়ে সকালে রিপনের সঙ্গে উপজেলা চেয়ারম্যানের কথাকাটাকাটি ও ঝগড়া হয়। এরপর উপজেলা চেয়ারম্যান মুহিদুল থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ছাত্রলীগের চারজনকে গ্রেপ্তার করে। বিকাল সাড়ে ৩টার দিকে ছাত্রলীগের বেশকিছু সমর্থক গ্রেপ্তারদের মুক্তির দাবিতে থানা ঘেরাও ও ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায়। ইটপাটকেল নিক্ষেপে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক খান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অমর সিং ও কনস্টেবল আবুল বাশার আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওসি আখতারুজ্জামান আরো বলেন, উপজেলা চেয়ারম্যানের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা (নম্বর ৫) নেওয়া হয়েছে। এ ঘটনায় রাতে পুলিশ বাদি হয়ে আরো একটি মামলা করেছে বলেও তিনি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে তিনি থানায় এসে খোঁজ খবর নেন। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাফিজ মিলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিরোজপুর-১ ও পিরোজপুর-২ আসনের সাংসদদের দ্বন্দ্বের কারণে উপজেলা ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করানো হয়েছে। সংগঠনের কয়েকজন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে থানায় ছাত্রলীগ কর্মীদের ইটপাটকেল নিক্ষেপের কথা তিনি স্বীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৫ ঘ.