শরীয়তপুর, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদাবাজির অভিযোগে শরীয়তপুরের একটি দৈনিক পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার শরীয়তপুর বিচার বিভাগীয় হাকিম আদালতে দৈনিক শরীয়তপুর কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন সরদারের বিরুদ্ধে মামলাটি করেন ডামুড্যা উপজেলার ব্যবসায়ী আনোয়ার হোসেন সরদার।
হাকিম অশোক কুমার দত্ত মামলাটি আমলে নিয়ে ডামুড্যা থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
মামলায় আনোয়ার হোসেন অভিযোগ করেন, গত ২ এপ্রিল ইকবাল হোসেন তাকে ফোন করে এক লাখ টাকা চাঁদা চান। চাঁদা দেওয়ার কথা কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
১০ এপ্রিল তিনি ইকবালকে দশ হাজার টাকা দেন। বাকি টাকার জন্য ১২ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেন ইকবাল। নির্ধারিত সময়ের মধ্যে তিনি টাকা দিতে না পারায় ১৩ এপ্রিল দৈনিক শরীয়তপুর কন্ঠ পত্রিকার প্রথম পাতায় তাকে জড়িয়ে 'আনোয়ার বাহিনীর সর্বশেষ শিকার লাবণী' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
বাদি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম।
পত্রিকার সম্পাদক ইকবাল হোসেন সরদার এ অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, তিনি আদালতের রায় মেনে নেবেন। আইন তার নিজস্ব গতিতে চলবে।
অভিযোগ মিথ্যা প্রমাণ হলে তিনি বাদির বিরুদ্ধে হয়রানির অভিযোগ আনবেন বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২০১৫ ঘ.
bdnews24