২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মন্ত্রিসভার ৮০ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে'

এ বছরের মার্চ পর্যন্ত বর্তমান সরকারের মন্ত্রিসভার বৈঠকে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার ৮০ শতাংশ বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2010, 11:05 AM

Updated : 24 Aug 2022, 08:38 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এ বছরের মার্চ পর্যন্ত বর্তমান সরকারের মন্ত্রিসভার বৈঠকে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার ৮০ শতাংশ বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। মন্ত্রিসভার ৬২টি বৈঠকের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, "এসব বৈঠকে মোট ৪০৫ টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৩২৫টি সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। বাকি ৮০ টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে। "এছাড়াও ১০৬ টি আইনের অনুমোদন দেওয়া হয়েছে। এরমধ্যে সংসদে পাশ হয়েছে ৮৯ টি। বাকি ১৭ টি সংসদ এবং মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে।" সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ৬৫তম বৈঠকের পর আজাদ সাংবাদিকদের এ কথা বলেন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করে। মন্ত্রিসভার এসব সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতির বিষয়ে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন জানিয়ে আজাদ বলেন, এই অগ্রগতির হার যাতে আরো বেশি হয় সে জন্য সচেষ্ট হতে তিনি (প্রধানমন্ত্রী) মন্ত্রিসভার সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, বিগত বিএনপি-জামায়াত জোট সরকার একই সময়ে ২০০টি সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করেছিল ১৩৯ টি। বাস্তবায়নের হার ছিল ৬৯.০৫ শতাংশ। আজাদ আরো জানান, মন্ত্রিসভার বৈঠকে উপজেলা পরিষদ (সংশধোন) আইন, ২০১০-এর খসড়া, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর খসড়া ও উদ্ভিদ সংগনিরোধ আইন ২০১০-এর খসড়া নীতিগত আনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন দেওয়া হয়েছে ওজোনস্তর ক্ষয়কারী বস্তুসামগ্রী ব্যবহার ও রোধ সংক্রান্ত মন্ট্রিল প্রটোকলের বেইজিং সংশোধনীতে অনুস্বাক্ষর। তিনি বলেন, "কোনো জেলায় মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা পূরণ সম্ভব না হলে তা জাতীয় ভিত্তিতে পূরণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এজে/এমএসবি/১৬৫৬ ঘ.