২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাল রক্ষার সুপারিশ বাস্তবায়নে ধীর গতি

ঢাকা মহানগরীর খালগুলো রক্ষায় সরকার গঠিত কমিটি ১৯ দফা সুপারিশ করে সাড়ে পাঁচ বছর আগে। তবে সেগুলোর তেমন কোনো বাস্তবায়ন হয়নি। জানাচ্ছেন আমিনূর রহমান রাসেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2010, 08:13 AM

Updated : 24 Aug 2022, 08:38 PM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীর খালগুলো রক্ষায় সরকার গঠিত কমিটি ১৯ দফা সুপারিশ করে সাড়ে পাঁচ বছর আগে। তবে আজো সেগুলোর তেমন কোনো বাস্তবায়ন হয়নি। ২০০৪ সালের শুরুর দিকে অধ্যাপক নজরুল ইসলামকে প্রধান করে ১৩ সদস্যের 'ঢাকা মহানগরীর পানি নিষ্কাশন খালসমূহ চিহ্নিতকরণ, পুনরুদ্ধার ও পুনরায় চালু বিষয়ে সুপারিশ প্রণয়ন কমিটি' গঠন করে সরকার। ওই বছরের নভেম্বর মাসেই ১৯ দফা সুপারিশ করা হয় জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কমিটি প্রধান নজরুল ইসলাম বলেন, "সুপারিশ জমা দিয়েছিলাম, "কিন্তু বাস্তবায়ন তেমন তো হয়নি।" খালগুলো বাঁচিয়ে রাখার জন্য ওয়াসার একটি মহাপরিকল্পনা নিয়ে এগোনো উচিত মন্তব্য করে তিনি বলেন, "এখনও সময় আছে নগরীর খালগুলোকে রক্ষা করার।" "শুধু খাল নিয়ে চিন্তা করলে হবে না, এর সঙ্গে নদী ভরাটও বন্ধ করতে হবে। কারণ খালগুলোর গতিপথ নদীর দিকেই", যোগ করেন তিনি। নদী ও খালগুলো রক্ষার জন্য সরকারকে আরো আন্তরিকভাবে কাজ করার অনুরোধ জানান অধ্যাপক নজরুল। কমিটির ১৯ দফা সুপারিশের মধ্যে খালের অবৈধ দখল রোধে পরিকল্পনামাফিক পরিবেশগত দিক বিবেচনায় এনে খালের পাড় বাঁধাই, নিষ্কাশন খাল উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন, নগরীর পূর্বাংশের খালগুলো নিষ্কাশন নিশ্চিত করতে রাজউকের স্ট্রাকচারাল প্ল্যানের সঙ্গে ডিটেইল এরিয়া প্ল্যানের সমন্বয় করে নকশার অতিরিক্ত ভূমি অধিগ্রহণ প্রভৃতি রয়েছে। নগরীর খোলা খালগুলো পরিবেশসম্মত রাখার জন্য বিদ্যমান নিষ্কাশন খালে পয়ঃসংযোগ নিষিদ্ধ ও খালের উপর খোলা পায়খানা উচ্ছেদ, নিষ্কাশন খালগুলোকে সঠিকভাবে সংরক্ষণের নিমিত্তে খালের জমির সীমানা চিহ্নিত পূর্বক সরকারি/সংস্থার পূর্ণ নিয়ন্ত্রণ রাখার সুপারিশও করে কমিটি। সুপারিশে প্রচার মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থা ও নিষ্কাশন খালের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির ব্যবস্থা নেওয়া এবং খালের সুষ্ঠু ব্যবহারে গণসচেতনতা বৃদ্ধি করার ব্যাপারেও গুরুত্ব আরোপ করা হয়। ঢাকা মহানগরীর নকশায় থাকা ৪৩টি খালের মধ্যে ৪টির উপর সড়ক নির্মাণের পাশাপাশি বেশিরভাগ খাল বেদখল হয়ে গেছে। এর ফলে পানি আটকে প্রতি বছরই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, যা দুর্ভোগে ফেলছে নগরবাসীকে। অপরিকল্পিত নগরায়নের ফলে এ সমস্যা তৈরি হয়েছে উল্লেখ করে ওয়াসার চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা বলেন, "নগর কর্তৃপক্ষ এ বিষয়ে নজর না দিলে ওয়াসা খালগুলো রক্ষার জন্য তেমন কিছু করতে পারবে না।" এ ব্যাপারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেদখল খালগুলোকে পুনরুদ্ধারে ওয়াসাকে সহযোগিতা করা হবে। নগরীতে সেবা প্রদানকারী অন্য যেসব প্রতিষ্ঠান আছে তাদের সঙ্গেও আলোচনা হচ্ছে খালগুলো দখলমুক্ত করার ব্যাপারে।" তিনি জানান, মহানগরীর একটি বিস্তারিত মানচিত্রের (ডিটেইল এরিয়া ম্যাপ) আলোকে খালগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। মানচিত্রটি তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। পরিবেশ বাঁচাও আন্দোলনের (বাপা) চেয়ারম্যান আবু নাসের খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খালগুলোকে বাঁচাতে না পারলে আগামী কয়েক বছর পরে ঢাকা মহানগরকে মৃত নগর হিসেবে ঘোষণা করতে হবে।" ওয়াসা খালগুলো রক্ষায় কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, "বেদখল খালগুলোকে অবিলম্বে দখলমুক্ত করার জন্য উদ্ধার অভিযান চালাতে হবে। কিন্তু ওয়াসা একটু এগিয়ে যায়, আবার থামে। এমন করলে ধীরে ধীরে খালগুলোর আর কোনো অস্তিত্বই থাকবে না।" নগরীর খালগুলো শুধু পানি নিষ্কাশনের জন্য নয়, তাপমাত্রার ভারসাম্য রক্ষার জন্যও প্রয়োজন উল্লেখ করে বাপা চেয়ারম্যান বলেন, "খালগুলোতে পানি থাকায় শহরের তাপমাত্রা কম থাকে। কিন্তু খাল না থাকলে পানিও থাকবে না, তখন তাপমাত্রাও বেড়ে যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কিউএইচ/এজে/১৪০৬ ঘ.