শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউ মার্কেটে ফলের বাজার থেকে ৫ কেজি আম কিনেছিলেন আসমা বেগম। তাকে বলা হয়েছিলো, দুদিনের মধ্যেই আম পেকে যাবে।
কিন্তু সে আমে স্বাদ না পেয়ে শনিবার তা ফেরত দিতে গেলেই বিক্রেতার সঙ্গে কলহ বাধে। পরে অন্য ফলের বিনিময়ে ওই আম ফেরত নিলেন বিক্রেতা।
গ্রীষ্মের শুরুতে রাজধানীতে এ ঘটনা এখন অহরহ ঘটছে। বাজারে এখনো দেশি আম আসেনি। যে আম আছে তা ভারত থেকে আমদানি করা।
কাঁচা অবস্থায় আনা এ আম ক্রেতার হাতে যাওয়ার আগে কার্বাইড দিয়ে তা পাকানো হয়। দেখতে পাকা লাগলেও পাকা ফলের কোনো স্বাদ এতে নেই বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
চিকিৎসকরা বলছেন, রাসায়নিক দিয়ে পাকানো এসব আম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
নিউ মার্কেটের ফলের বাজাওে শনিবার গিয়ে দেখা যায়, সুন্দরী, মহুয়া, সূর্যরঙ্গাসহ নানা বাহারি নামে ভারতীয় আম বিক্রি হচ্ছে প্রতি কেজি আমের দাম ১১০ থেকে ১৮০ টাকা দরে।
আমজাদ নামে এক ফল ব্যবসায়ীর কাছে ২০ কেজি আম কেনার কথা বললে তিনি একটি কার্টন বের করে দেন। তবে এতে সব আমই কাঁচা।
কাঁচা আমের এত দাম কেন- প্রশ্ন করা হলে উত্তর আসে- "দুই দিনের মধ্যেই আম পেকে যাবে। এজন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।"
'বিশেষ ব্যবস্থা'র বিষয়টি কী- জানতে চাইলে আমজাদ বলেন, "এক ধরনের ওষুধ দেওয়া আছে, তাতে সহজেই পেকে যাবে।"
কারওরান বাজার, হাতিরপুল, পলাশীবাজারসহ সব বাজারেই এখন কার্বাইড দিয়ে পাকানো আম দেখা যাচ্ছে। রাজধানীর ফলের সবচেয়ে বড় আড়ৎ বাদামতলীতে প্রতিদিনই ট্রাকভর্তি আম আসছে।
ফলের পাইকারি ব্যবসায়ী হাজী নেজমত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারত থেকে আম আসতে ২ থেকে ৩ দিন সময় লাগে। এ জন্য কাঁচা আমই নিয়ে আসা হয়। মোটামুটি পরিপক্ক এ আম কয়েক দিনের মধ্যেই পেকে যায়।
পাইকারি ব্যবসায়ীরা আমে কার্বাইড মেশায় না বলে দাবি করেন তিনি।
নেজমত বলেন, "মূলত খুচরা ব্যবসায়ীরা কার্বাইড দিয়ে আম পাকিয়ে বিক্রি করে। আমদানিকারক বা পাইকারি ব্যবসায়ীরা ফল আনার দু-এক দিনের মধ্যে তা বিক্রি হয়ে যায়। যে কারণে কার্বাইড দেওয়ার প্রয়োজন পড়ে না।"
কার্বাইডের ক্ষতিকর দিক তুলে ধরে ঢাকা মেডিকেল কলেজের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. সাহিদা আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কার্বাইাড দিয়ে পাকানো ফল গ্রহণে লিভারের সমস্যাসহ ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। এছাড়া আগুনের তাপ বা কার্বাইড দিয়ে পাকানো ফলে পুষ্টি উপাদান নষ্ট হয়, তখন এর স্বাদ এবং ফুড ভ্যালু থাকে না।"
রাসায়নিক ব্যবহারের মাধ্যমে পাকানো আম শিশুদের স্বাস্থ্যের জন্যই বেশি ক্ষতিকর বলে জানান তিনি। এছাড়া অন্তঃস্বত্ত্বা নারীরাও সমস্যায় পড়তে পারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১০৫৫ ঘ.
bdnews24