সিরাজগঞ্জ, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেলকুচি উপজেলার সুবর্ণসারা গ্রামে শনিবার দুপুরে ছাত্রলীগ ও গ্রামাবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
বেলকুচি থানার ওসি কাজী মো. হানিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে মিঠু বিশ্বাসের সঙ্গে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম গোলামের দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন থেকে।
দুপুরে গ্রামে বিএনপি'র একটি সভায় গোলামকে দেখে মিঠু বিশ্বাস ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী নিয়ে গোলমকে তাড়া করলে এলাকাবাসী তাদের বাধা দেয়।
এতে ছাত্রলীগকর্মীরা এলাকাবাসীর সঙ্গে ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ জন স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
এ ঘটনায় রাতে উপজেলা শ্রমিক লীগ নেতা ফারুক হোসেন ৫৭ জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন বলেও পুলিশ কর্মকর্তা জানান।
এ ব্যাপারে মিঠু বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের সংগঠনের কর্মীদের সঙ্গে বিএনপি'র গণ্ডগোলের কথা শুনে আমরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি"।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২১১৬ ঘ.
bdnews24